বাগেরহাটের মংলা ও রামপাল উপজেলার আনসার ও ভিডিপির দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে নির্বাচনের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁরা ২ হাজার ৩০৪ জন আনসার সদস্যের কাছ থেকে প্রায় সাড়ে ১১ লাখ টাকা আদায় করেছেন।
ঘুষের টাকা ফেরত পেতে গত সোম থেকে বৃহস্পতিবার আনসার সদস্যরা ওই দুই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। বুধবার তাঁরা দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
রামপাল ও মংলা উপজেলা কার্যালয় এবং অভিযোগপত্র সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী আনসার ও ভিডিপি সদস্যদের নিয়োগ দেওয়ার কথা। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে ১৬ জন করে তাঁদের দায়িত্ব পালনের কথা। সে অনুযায়ী প্রথম দফা নির্বাচনে মংলার ছয়টি ইউপির ৫৪টি কেন্দ্রে ৮৬৪ জন ও রামপালের ১০টি ইউপির ৯০টি কেন্দ্রে ১ হাজার ৪৪০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। নির্বাচনের আগে মংলার ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা বেগম নির্বাচনী দায়িত্বের তালিকায় রাখার জন্য আনসার সদস্যদের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে ৪ লাখ ৩২ হাজার টাকা নেন। রামপালের আনসার ও ভিডিপি কর্মকর্তা লোকমান হাকিম ৭ লাখ ২০ হাজার টাকা আদায় করেন। সোম ও মঙ্গলবার তাঁদের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য জনপ্রতি ১ হাজার ৬০০ টাকা ও দলপতিদের ১ হাজার ৭৫০ টাকা করে দেওয়া হয়।
মংলার সোনাইলতলা, মিঠাখালী, বুড়িরডাংগা ও চিলা ইউনিয়নের আনসার সদস্য ময়েনউদ্দিন, আফসার শেখ, আবুল বাসার হাওলাদার, দীপংকর মণ্ডল, ফিরোজা বেগম, পারভীন বেগম, তাহমিনা বেগমসহ ৩০ জন আনসার সদস্য বলেন, তাঁদের দলপতি জানিয়েছিলেন, যাঁরা টাকা দেবেন, তাঁরা দায়িত্ব পালন করতে পারবেন। টাকা না দিলে অন্য সদস্যের নাম দেওয়া হবে—এমন নির্দেশ দিয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা। তাই বাধ্য হয়ে তাঁরা টাকা দিয়েছেন। তাঁরা চার দিন দায়িত্ব পালন করে ১ হাজার ৬০০ টাকা পেয়েছেন। অগ্রিম দেওয়া ৫০০ টাকা বাদ দিলে থাকে ১ হাজার ১০০ টাকা।
রামপালের পেড়িখালি, বাঁশতলী হুড়কা ও রামপাল সদর ইউনিয়নের আবু তাহের, শেখ দবিরউদ্দিন, দেলোয়ার হোসেন, সুজিত ঘরামি, জিহাদ হোসেন, আবুল বাশারসহ ২০ জন আনসার সদস্য বলেন, উপজেলার ৯০টি গ্রুপের মধ্যে ২৪টি গ্রুপের প্রতিজন সদস্যের কাছ থেকে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা লোকমান হাকিম নিজেই ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত নিয়েছেন। বাকি ৬৬টি গ্রুপের দলপতিদের মাধ্যমে ৫০০ টাকা করে নিয়েছেন।
মংলা উপজেলার ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা বেগম ও রামপাল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা লোকমান হাকিম বলেন, মাঠপর্যায়ের কোনো আনসার সদস্য এ রকম অভিযোগ নিয়ে তাঁদের কাছে আসেননি। দলপতিদের মধ্যে কিছু দুর্নীতি থাকলেও থাকতে পারে।
মংলার ইউএনও মুহাম্মদ আলী প্রিন্স ও রামপালের ইউএনও রাজীব কুমার রায় বলেন, ওই দুই কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জেলা কমান্ডারকেও জানানো হয়েছে।
আনসার ও ভিডিপির জেলা কমান্ডার স্বপন কুমার দেবনাথ বলেন, লিখিত অভিযোগ এখনো আসেনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।