জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত আনসার সদস্যদের দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে দুটি জমিতে ধান রোপণ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক আনসার সদস্য। এ ছাড়া তাঁদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তার ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আনসার সদস্য জানান, গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আজিম উদ্দিন আনসার বাহিনীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পের সহকারী কমান্ডার আক্কাস আলীর সহযোগিতায় প্রায় ১৫ জন আনসার সদস্যকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে নিয়ে যান। পরে হল-সংলগ্ন একটি জমিতে তাঁদের দিয়ে ধান রোপণ করানো হয়। তাঁদের দিয়ে কয়েক দিন পর আবারও বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ-সংলগ্ন এলাকার একটি জমিতে ধান রোপণ করান নিরাপত্তা কর্মকর্তা। এ ছাড়া একজন আনসার সদস্যকে ওই নিরাপত্তা কর্মকর্তা তাঁর বাড়ির বাগান দেখাশোনার কাজে নিয়মিত ব্যবহার করেন বলে একাধিক আনসার সদস্য অভিযোগ করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আনসার সদস্য বলেন, সহকারী কমান্ডার আক্কাস আলীর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা বিভিন্ন সময়ে তাঁর ব্যক্তিগত কাজে তাঁদের ব্যবহার করেন। খুব শিগগির এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করা হবে।আনসার বাহিনীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পের সহকারী কমান্ডার আক্কাস আলী বলেন, ‘আনসার সদস্যদের দিয়ে আমার সহযোগিতায় ধান রোপণের অভিযোগটি সত্য নয়। ধান রোপণের সময় আমি সেখানে ছিলাম না।’আনসার বাহিনীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পের কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, ‘আনসার সদস্যদের বিভিন্ন কাজে ব্যবহার করার খবর আমি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, ‘জমি দুটো আমার ছোট চাচা বিশ্ববিদ্যালয় থেকে ইজারা নিয়েছেন। আনসার সদস্যরা নিজ উদ্যোগে জমি দুটোতে ধান রোপণ করেছে। আমার ব্যক্তিগত কোনো কাজে আনসারদের ব্যবহারের বিষয়টি সত্য নয়।’ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) ফরহাদ হোসেন বলেন, আনসার সদস্যরা শুধু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিধান করবেন। অন্য কোনো কাজ তাঁদের দিয়ে করানো যাবে না।