আনসার সদস্যদের বাইরে ঘোরাফেরার অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আজ মঙ্গলবার মিরপুরের পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। দুপুর আড়াইটার দিকে এ অভিযোগ তোলেন তাঁর সমর্থক-কর্মীরা। তাঁরা অভিযোগ করেন, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা কেন্দ্র ছেড়ে বাইরে ঘোরাফেরা করেছেন।
এই কেন্দ্রে তাবিথের এজেন্ট নুরুন্নবী প্রথম আলোকে বলেন, ‘ঘড়ি মার্কার কর্মীরা বেলা একটার দিকে ২০ জনসহ আমাকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। আমার হাতে ব্যথা লাগছে।’
নূরন্নবীর ভাষ্য, এ সময় কেন্দ্রে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাহায্য চাওয়া হলেও তাঁরা নীরব থাকেন।
হামলার ঘটনার পর পোলিং এজেন্টের কার্ড স্থানীয় কাউন্সিল প্রার্থীর কাছে জমা দেন তিনি।
প্রধান প্রতিদ্বন্দ্বীর এজেন্টরা চলে যাওয়ার পর আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কেন্দ্রের সামনে দল বেঁধে মহড়া দিতে দেখা গেছে। নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদেরও কেন্দ্র ছেড়ে বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়।
বেশির ভাগ আনসার সদস্য কেবল একটি জ্যাকেট পরে লাঠি নিয়ে দায়িত্ব পালন করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এবার সিটি করপোরেশন নির্বাচনে প্রথম বারের মতো আনসার সদস্যরা নিরাপত্তার কাজ করেন।
মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে দায়িত্ব পালনরত আবদুল জব্বার নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, মিরপুর ৬ নম্বর সেকশনে রিকশা চালান তিনি। দুদিন আগে পুলিশের লোকজন এক হাজার ৮০০ টাকার চুক্তিতে আনসারের হয়ে নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেন তাঁকে।