আনসার সদস্যের কাছ থেকে গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. লিটন মোল্লার কাছ থেকে তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। আনসারের পক্ষ থেকে অবৈধ গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরে এটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আশুলিয়ার কুমকুমারী এলাকায় অবস্থিত মাটসুকা অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয় সূত্রের বিবরণ অনুযায়ী, নিরাপত্তার জন্য এই কারখানায় একটি আনসার ক্যাম্প রয়েছে। ক্যাম্পটিতে আনসারের ১২ সদস্য, সাতটি রাইফেল ও ১৪০টি গুলি রয়েছে। ক্যাম্পের দায়িত্বে ছিলেন পিসি মো. লিটন মোল্লা। সম্প্রতি লিটন মোল্লাকে আশুলিয়ার নাইটেঙ্গেল হাসপাতালে বদলি করা হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে কারখানা থেকে যাওয়ার সময় কারখানার নিরাপত্তাকর্মীরা তাঁর সঙ্গে থাকা ট্রাংক তল্লাশি করে তিনটি গুলি পান। এ সময় নিরাপত্তাকর্মীরা লিটনকে আটক করে বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানান। কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আবদুল জলিল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ আশুলিয়া থানাকে বিষয়টি অবহিত করেন। সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার দায়িত্বে থাকা ওই কার্যালয়ের প্রশিক্ষক আবদুল হামিদ খান ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মালেক খসরু খান ঘটনাস্থলে যান। তাঁরা ঘটনার সত্যতা পান বলে জানান। এর পরও কোনো ব্যবস্থা না নিয়ে ওই কর্মকর্তাকে কারখানা কর্তৃপক্ষের হেফাজত থেকে মুক্ত করা হয়।তবে পরে আবদুল হামিদ খান প্রথম আলোকে বলেন, কারখানাটির আনসার ক্যাম্পে থাকা ১৪০টি গুলি ঠিক পাওয়া গেছে। একটি গুলি ও গুলিসদৃশ বারুদ ভরা গুলির দুটি পরিত্যক্ত অংশ মো. লিটন মোল্লার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া এসআই মালেক খসরু খান দাবি করেন, গুলি উদ্ধারের কোনো ঘটনা তাঁর জানা নেই।কারখানার জিএম আবদুল জলিল বলেন, মো. লিটন মোল্লার কাছ থেকে অবৈধভাবে রাখা তিনটি গুলি উদ্ধার করা হলেও পুলিশ ও আনসার কর্তৃপক্ষের অনুরোধে বিষয়টি মিটমাট করে ফেলা হয়। মো. লিটন মোল্লা বলেন, ‘বিগত ইউনিয়ন পরিষদ নির্বচনের সময় কোনো কারণে একটি উদ্ধৃত গুলি ও দুটি খোসা আমার কাছে ছিল।’ যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম বলেন, ‘বিষয়টি আনসারের। তারাই এটি মিটমাট করে ফেলেছে। এ ব্যাপারে আমি কোনো লিখিত অভিযোগ পাইনি।’