আনসার সদস্যের ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক আনসার সদস্যের ছেলেকে তাঁর বাড়ির তত্ত্বাবধায়ক হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার দিবাগত রাতে উপজেলার মৈকুলী আরাফাতনগরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আরিফুল ইসলাম ওরফে রানা (২৪)। তাঁর বাবা মহিউদ্দিন রাঙামাটি জেলায় কর্মরত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, আনসার সদস্য মহিউদ্দিন তিন বছর আগে রূপগঞ্জ উপজেলার মৈকুলী আরাফাতনগর এলাকায় বাড়ি কেনেন। ওই সময় তিনি বাড়ি দেখভাল করার জন্য পলাশ (৪৫) নামের একজনকে নিযুক্ত করেন।
এক মাস আগে মহিউদ্দিন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়িতে ওঠেন এবং তত্ত্বাবধায়ক পলাশকে বাড়ি ছেড়ে দিতে বলেন। কিন্তু পলাশ বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানান। এ নিয়ে আরিফুল ইসলামের সঙ্গে পলাশের বাগিবতণ্ডা হয়।
এ ঘটনার জের ধরে শনিবার দিবাগত রাত তিনটার দিকে আরিফুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যান পলাশ। স্থানীয় লোকজন আরিফুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মীর গতকাল রোববার বিকেলে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আরিফুলের লাশ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।