স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় আনসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতে আনসারকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সাহারা খাতুন বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নারী নির্যাতন ও ইভ টিজিংমুক্ত দেশ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, মাহবুব উদ্দিন, মুক্তিযোদ্ধা শরীফুল হক, আবদুল হান্নান প্রমুখ।মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য আনসার বাহিনীর ২৩৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা এবং বীর বিক্রম শহীদ এলাহী বক্স পাটোয়ারী এবং বীর প্রতীক গোলাম ইয়াকুব, শহীদ ওয়ালিউল হোসেন, মরহুম ইয়াদ আলী, মরহুম মহিউদ্দিন, আজিমুদ্দিন শেখ, শরীফুল হক, আবদুল হান্নান, কে জি কাদের, আবদুল গফফার ও আবদুল মজিদকে নগদ অর্থসহ উপহারসামগ্রী দেওয়া হয়।