প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সন্ত্রাস দমনে ব্যাটালিয়ন আনসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পার্বত্য চুক্তির ধারাবাহিকতায় ব্যাটালিয়ন আনসারকে এককভাবে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।গতকাল বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩২তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি ঐতিহ্যবাহী সংগঠন। দেশের বিভিন্ন সামাজিক আন্দোলন, বিশেষ করে যেখানে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন, সেসব ক্ষেত্রে আনসার বাহিনীকে কাজে লাগিয়ে যেকোনো কঠিন কাজ সহজেই করা যাচ্ছে। তিনি বলেন, ‘জননিরাপত্তা বিধানে ব্যাটালিয়ন আনসারের সক্ষমতা আরও কার্যকর করতে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।’ এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল জাহিদুর রহমান তাঁকে স্বাগত জানান।প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি বাহিনীর স্বাগত অভিবাদন গ্রহণ শেষে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় মঞ্চে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ তিন বাহিনীর প্রধানেরা, সাংসদ আ ক ম মোজাম্মেল হক, টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।কুচকাওয়াজ শেষে বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী ১২ জন ব্যাটালিয়ন আনসারকে বাংলাদেশ আনসার পদক, সাতজনকে রাষ্ট্রপতি আনসার পদক ও দুজনকে রাষ্ট্রপতি ভিডিপি পদক দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্থানীয় সরকার সিটি করপোরেশন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ অনুযায়ী, আনসার বাহিনীকে আইনপ্রয়োগকারী সংস্থা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আনসার বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে পোশাকের পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রথমবারের মতো কর্মকর্তাদের রেশন প্রদান এবং সব শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের, ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও মহিলা আনসারদের জন্য পারিবারিক রেশনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, হস্তশিল্প ও কারুপণ্য বিষয়ে প্রশিক্ষণের জন্য আনসার একাডেমিতে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চালু হতে যাচ্ছে। পাশাপাশি তৈরি পোশাকশিল্পের জন্য দক্ষ শ্রমিক তৈরির লক্ষ্যে বিজিএমইএর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।