আনসারদের খাবারের টাকা কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক হাজার ৪৩৬ জন আনসার সদস্যের খাবারের জন্য বরাদ্দের অর্ধেক টাকা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই সব আনসার সদস্য দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। অভিযোগ উঠেছে, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান এ টাকা কেটে রেখে আত্মসাৎ করেছেন। উপজেলার কয়েকটি ইউনিয়নের আনসার দলপতি ও সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
অভিযোগে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপজেলার ১২৬টি ভোটকেন্দ্রে একজন প্লাটুন কমান্ডার ও একজন সহকারী প্লাটুন কমান্ডারসহ ১১-১২ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এ জন্য ভোটের আগের দিন প্রত্যেক সদস্যের জন্য শুকনা খাবার বাবদ ২৫০ টাকা বরাদ্দ ছিল। এ টাকার মধ্যে মূল্য সংযোজন কর বাবদ ১৫ টাকা কেটে রেখে দায়িত্ব পালনে যাওয়ার আগেই ২৩৫ টাকা করে দেওয়ার কথা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউনিয়ন দলপতি জানান, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দায়িত্ব পালনের টাকা বিতরণ করা হয়। এর সঙ্গে খাবারের টাকাও দেওয়া হয়। তিনি ৯৬ জন আনসার সদস্যের তালিকা দিয়েছিলেন। প্রত্যেককে খাবার বাবদ ১৩৫ টাকা করে দেওয়া হয়েছে। একই অভিযোগ করেন আরও তিনজন ইউনিয়ন দলপতি। ১০০ টাকা কম দেওয়ার ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। নাম প্রকাশ না করার শর্তে আরেক দলপতি বলেন, ‘একজন আনসারের ১০০ টাকা কোনো ব্যাপার না। কিন্তু সমষ্টিগত হলে প্রায় দেড় লাখ টাকা কেটে নেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।’
জানতে চাইলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান টাকা কেটে রাখার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আনসারদের সমুদয় টাকা পরিশোধ করা হয়েছে। কাউকে কম টাকা টাকা দেওয়া হয়নি। আনসার ও ভিডিপি কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট ফেরদৌস আহমেদ বলেন, ‘টাকা কেটে রাখার কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তাঁদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেব। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’