আনসারুল্লাহ জড়িত আল-কায়েদার ভিডিও নিয়ে সন্দেহ

অভিজিৎ রায়সহ বাংলাদেশের কয়েকজন ব্লগার ও মুক্তমনা লেখককে হত্যার দায় স্বীকার করে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) যে ভিডিও বার্তার খবর বেরিয়েছে, তা আদৌ সংগঠনটির কি না, তা নিয়ে সন্দিহান এখানকার গোয়েন্দা কর্মকর্তারা।
জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে যুক্ত একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ সন্দেহের কথা বলেছেন।
তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ওই ভিডিও বার্তা আদৌ আল-কায়েদার বক্তব্য কি না, এটা একিউআইএস আপলোড করেছে কি না, সেটা তাঁরা পর্যালোচনা ও খতিয়ে দেখছেন। তিনি জানান, তাঁদের দৃঢ় বিশ্বাস, ব্লগার অভিজিৎ রায়কে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই হত্যা করেছে। আল-কায়েদার কোনো নেটওয়ার্ক বাংলাদেশে আছে, এমন কোনো তথ্যপ্রমাণও তাঁদের কাছে নেই।
একিউআইএস নামে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেছে—গণমাধ্যমে বের হওয়া এমন একটি খবরের পরিপ্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, তদন্তে অভিজিৎ হত্যায় সরাসরি জড়িত—এমন পাঁচের অধিক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাদের ধরার চেষ্টা চলছে। তিনি বলেন, এই তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোও (এফবিআই) ডিবির সঙ্গে কাজ করেছে। এফবিআই বেশ কিছু আলামত নিয়ে গেছে, যার প্রতিবেদন এখনো তদন্তকারী সংস্থা পায়নি।
বাংলাদেশে জঙ্গি দমনে যুক্ত র্যা বের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও প্রথম আলোকে বলেছেন, আল-কায়েদার কথিত এই ভিডিও নিয়ে তাঁরা সন্দিহান। তার পরও বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।
ঢাকায় গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাঁর স্ত্রীও গুরুতর আহত হন।
এ ঘটনার দুই মাস পর আল-কায়েদার কথিত এই ভিডিও বার্তার কথা প্রকাশ করে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতার ওপর নজর রাখার দাবিদার যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইট ‘সাইট’। তাতে একিউআইএসের নেতা অসীম ওমর দাবি করেছেন, অভিজিৎ রায়সহ ব্লগার রাজীব হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিকুল ইসলাম ও করাচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাকিল আউজকেও আল-কায়েদা হত্যা করেছে।
২০১৪ সালের ৩ সেপ্টেম্বর আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির কথিত এক ভিডিও বার্তায় আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস) কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। আর ব্লগার রাজীব খুন হয়েছেন এর আগের বছর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। পরে এই খুনের ঘটনায় সাতজন গ্রেপ্তার হয়। তারা সবাই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তারা পরবর্তী সময়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।
গতকাল সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমকে সংগঠন হিসেবে ধরি অথবা মতবাদের অনুসারী হিসেবে ধরি, এরাই বিভিন্ন সময় এ ধরনের টার্গেটেড বা সাইলেন কিলিং করেছে। ইতিপূর্বে একাধিক ঘটনার তদন্তে এটা প্রমাণিত হয়েছে। ব্লগার রাজীব হায়দার ও বুয়েটের ছাত্র দ্বীপ হত্যা, আসিফ মহিউদ্দনকে হত্যাচেষ্টা—এসব আনসারুল্লাহ করেছে। সর্বশেষ তেজগাঁওয়ে ব্লগার ওয়াশিকুর রহমানকে হত্যার ঘটনায় হাতেনাতে যে দুজন ধরা পড়েছে, তারাও আনসারুল্লাহর সঙ্গে সম্পর্কিত।’
অভিজিৎ হত্যার কয়েক ঘণ্টা পর ‘আনসার বাংলা সেভেন’ নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে হত্যার দায় স্বীকার করা হয়। এ প্রসঙ্গে মনিরুল বলেন, আনসার ওয়ান, টু বা সেভেন—সবই আনসারুল্লাহর সঙ্গে সম্পর্কিত।
এক প্রশ্নের জবাবে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, সন্ত্রাসবাদ নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা বিভিন্ন সময়ে বলেছেন, আনসারুল্লাহ আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে থাকে। তবে সংগঠনটি আল-কায়েদার সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে—এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই।