আনসারুল্লাহ টিমের তিন নেতা আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিনজন আঞ্চলিক নেতাকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে কম্পিউটার, সিডি, ‘জিহাদি’ বইসহ তাঁদের আটক করা হয়।
আটক নেতারা হলেন স্থানীয় সুবহাননগর কলোনির সাদেকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম এবং মাস্টারপাড়ার ফারুক হোসেন। পরে তাঁদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।
র্যাবের কর্মকর্তা মেজর শফিক জানান, র্যাব-৫-এর একটি বিশেষ দল বেলা একটার দিকে রহনপুরে অভিযান চালায়। এ সময় রহনপুর মাদ্রাসা মার্কেটের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান সুমাইয়া টেলিকম থেকে সাদেকুল ইসলাম, স্টেশন বাজারের অ্যাডভান্সড ডেন্টাল কেয়ার নামের ক্লিনিক থেকে মোহামঞ্চদ ইব্রাহিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফারুক হোসেনকে আটক করা হয়। ফারুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসা সহকারী। আটক তিনজন আগে জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন।
মেজর শফিক বলেন, বর্তমানে ওই তিনজন তাঁদের আধ্যাত্মিক নেতা মুফতি জসিম উদ্দীনের অনুসারী। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হবে।