আনসারুল্লাহ প্রধানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২৭ নভেম্বর অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার বিচারের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দরকার হয়। গত ২৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার অনুমোদন দেয়। আজ মঙ্গলবার আদালত এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন।

জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ২৪ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন ডিবির পরিদর্শক মো. আবদুল লতিফ শেখ। বিচারের জন্য ওই বছরের ২৬ অক্টোবর মামলার নথি পাঠানো হয় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে।

আজ জসীম উদ্দিন রাহমানী ছাড়া আরও তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এঁরা হলেন সাইফুল ইসলাম ওরফে প্রিন্স, আবু হানিফ ও জাহিদুর রহমান। এ মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে এখন পলাতক। আর জামিনে আছেন একজন।

২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার হন জসীম উদ্দিন রাহমানী। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় ইতিমধ্যে জসীমকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার আরেকটি আদালত।

উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা অপর একটি মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের বিচার শুরুর আদেশ দেন আদালত।