আনসারুল্লাহ প্রধানসহ তিনজন সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন তিন জঙ্গির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আজ শুক্রবার এ আদেশ দেন।

রিমান্ড পাওয়া এ আসামিরা হলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মো. আবুল বাশার, সংগঠনটির গণমাধ্যম শাখার দায়িত্ব পালনকারী জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসান। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান আজ বিকেলে ওই তিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনজনেরই সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যা করে।