
বিজ্ঞান-বিষয়ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের কিনারা ১১ মাসেও করতে পারেনি পুলিশ। ওই হত্যাকাণ্ডের প্রায় আট মাস পর সংঘটিত প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় এখনো কেউ শনাক্তই হয়নি। এই অবস্থায় মামলা দুটির তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছে তাঁদের পরিবার।
ফয়সল হত্যার দিনে (গত বছরের ৩১ অক্টোবর) লালমাটিয়ায় আরেক প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল এবং দুই লেখক-ব্লগারকে কুপিয়ে জখম করার মামলার তদন্তেও অগ্রগতি নেই। তিনটি মামলার তদন্তই ঘুরপাক খাচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে ঘিরে।
এ তিন মামলারই তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, অভিজিৎ হত্যায় যে আনসারুল্লাহ বাংলা টিম জড়িত, সে ব্যাপারে তথ্য মিলেছে। তবে এই সংগঠনের গ্রেপ্তার করা আটজনকে রিমান্ডে নিয়ে এবং টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করে এই হত্যায় তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এঁরা হলেন শফিউর রহমান ফারাবি, সাবেজ আলী, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান, মো. আবুল বাশার ও সাদেক আলিম। এ ছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমানও রয়েছেন। তাঁরা কারাগারে রয়েছেন। ডিবির কর্মকর্তারা বলছেন, অপর দুটি ঘটনায়ও একই সংগঠন জড়িত।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে অভিজিৎ রায়কে হত্যা এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে গুরুতর আহত করে। তাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিক।
অভিজিৎ হত্যার বিষয়টি মাথায় রেখে আগামী ১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া অমর একুশে গ্রন্থমেলার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।
গত ৩১ অক্টোবর প্রায় একই সময়ে রাজধানীতে দুটি স্থানে দুই প্রকাশকসহ চারজনের ওপর হামলা হয়। এর মধ্যে শাহবাগে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয় ওই প্রকাশনীর কর্ণধার ফয়সলকে। লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ, দুই লেখক-ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে জখম করা হয়।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, অভিজিৎ হত্যায় আনসারুল্লাহ বাংলা টিমের জড়িত থাকার তথ্য মিলেছে। সংগঠনটি খুন করার জন্য যে আটজন ব্লগারের তালিকা করেছিল, তাঁদের অন্যতম ছিলেন অভিজিৎ। তাঁর বই প্রকাশ করায় হুমকিতে ছিলেন ফয়সল। শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ গত বছরের বইমেলায় অভিজিতের বই প্রকাশ করেছিলেন। তাঁকেও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) অভিজিৎ হত্যা মামলার তদন্তে সহায়তা দিতে ঢাকায় এসেছিল। তারা হত্যাকাণ্ডের স্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। এফবিআই ওই পরীক্ষার প্রতিবেদন এখনো পাঠায়নি। ওই প্রতিবেদন পাওয়া গেলে তা গ্রেপ্তার আটজনের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখা হবে।
অভিজিৎ ও ফয়সল হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিএমপির উপকমিশনার (ডিবি-দক্ষিণ) মাশরুকুর রহমান গত বুধবার প্রথম আলোকে বলেন, অভিজিৎ হত্যায় ওই আটজনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া না গেলেও তাঁদের কাছ থেকে কয়েকজন হত্যাকারীর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওই ব্যক্তিরা গ্রেপ্তার হলে রহস্য উদ্ঘাটিত হবে। তিনি বলেন, আজিজ সুপার মার্কেটের ভিডিও ফুটেজ দেখে ফয়সল হত্যার ঘটনায় দুজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আরেক তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (পশ্চিম) মো. সাজ্জাদুর রহমান গত বৃহস্পতিবার বলেন, আহমেদুর রশীদ ও দুই লেখক-ব্লগারের ওপর হামলাকারীদের শনাক্ত করা যায়নি। অভিজিৎ, ফয়সল ও আহমেদুর রশীদের ওপর হামলার ধরন একই এবং তা একই জঙ্গিগোষ্ঠীর কাজ।
হতাশ অভিজিতের পরিবার: তদন্ত নিয়ে অভিজিতের পরিবার হতাশ হয়ে পড়েছে। অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায় গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘অভিজিৎ হত্যার প্রায় এক বছর হতে চলল। অথচ হত্যা-রহস্য উদ্ঘাটন হলো না। ডিবির তদন্তে ভরসা পাচ্ছি না। ওরা কিছু পাচ্ছে না বলেই এ নিয়ে মাতামাতি করছে না।’ তিনি বলেন, মামলার খোঁজ নিতে দু-চার দিনের মধ্যে তিনি আবার ডিবি কার্যালয়ে যাবেন।
অগ্রগতি জানে না ফয়সলের পরিবার: ৩১ জানুয়ারি ফয়সল হত্যার তিন মাস পূর্ণ হচ্ছে। ফয়সলের বাবা আবুল কাসেম ফজলুল হকও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। গত বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, এত দিনেও তিনি হত্যা মামলার অগ্রগতি জানতে পারেননি। তদন্তে অগ্রগতি করানোর সামর্থ্যও তাঁর নেই। তিনি বলেন, ‘ফয়সলকে হারিয়ে পারিবারিক যে ক্ষতি হয়েছে, তার প্রতিকার নেই। ওর অনেক স্মৃতি আছে। এই স্মৃতি দেখে পীড়া অনুভব করি।’ তিনি বলেন, জাগৃতি প্রকাশনীর বিপর্যয় কাটিয়ে উঠতে ফয়সলের স্ত্রী চেষ্টা করছেন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই সরকারের এই মামলার রহস্য উদ্ঘাটন করা উচিত।
বইমেলায় থাকবে জোরদার নিরাপত্তা: ডিবি সূত্র বলেছে, অভিজিৎ হত্যার বিষয়টি মাথায় রেখে এবার বইমেলার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান বলেন, বইমেলায় পোশাকধারী পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক গোয়েন্দা তৎপর থাকবে। বইমেলায় আসা লোকজনকে আর্চওয়ে দিয়ে ঢুকতে হবে। তাঁদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসিয়ে পুরো বইমেলার নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া বইমেলার চারদিকে পর্যবেক্ষণ টাওয়ারে অবস্থান নিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আসন্ন বইমেলার নিরাপত্তাব্যবস্থা নিয়ে অবসর প্রকাশন ও পথিক প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী আলমগীর রহমান বলেন, এবারের একুশে বইমেলা ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে তারা প্রকাশকদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার আশ্বাসে তাঁরা সন্তুষ্ট।