আনসারুল্লাহ বাংলা টিমের আশফাক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সামরিক বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার প্রধান আশফাক-উর-রহমান ওরফে অয়ন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম তাঁর জবানবন্দি রেকর্ড করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক এস এম শাহরিয়ার হাসান রিমান্ড শেষে আশফাক-উর-রহমানকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। তাতে বলা হয়, আসামি আশফাক-উর-রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান। রাজধানীর ভাটারা থানার মামলার এজাহারে বলা হয়, আসামি আশফাক-উর-রহমান ২০১৪ সালে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ইব্রাহিম ইবনে মোল্লা মোশাররফের মাধ্যমে মো. নায়েজের সঙ্গে পরিচয় হয়। নায়েজের হাত ধরেই তিনি সংগঠনের কার্যক্রমে যুক্ত হন।
২০১৫ সালে আশফাক-উর-রহমান আনসার আল ইসলামের সামরিক বিভাগে যোগ দেন। পরে সংগঠনটির সামরিক শাখার প্রধান পলাতক মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মো. জিয়াউল হকের অধীনে এবং পরিচালনায় উত্তরা ও পল্লবীর কালাপানি এলাকায় নাস্তিক ব্লগার হত্যার প্রশিক্ষণে অংশ নেন। এরপর তিনি সামরিক বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন।
কাউন্টার টেররিজম ইউনিট জানায়, আশফাক-উর-রহমান ওরফে অয়ন আরিফ বা অনীক নামেও পরিচিত। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানার নর্দ্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।