আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার
সিলেট জেলার আম্বরখানা এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপির গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্যের নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি ওরফে ওসামা ওরফে হাসান ওরফে আবদুল্লাহ। সিলেট জেলার কোতোয়ালি থানার পূর্ব দরগা গেট এলাকায় তাঁর বাড়ি।
ডিএমপির দাবি, গতকাল সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের নির্দেশনায় ডিবির উপকমিশনার (দক্ষিণ) মো. মাশরুকুর রহমান খালেদের তত্ত্বাবধানে এক অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা এলাকার উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় এবিটির একটি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় ডিবি। এ সময় এবিটির সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ে ডিবির একজন সদস্য গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে এবিটির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা করা হয়। ওই মামলার তদন্তের একপর্যায়ে মেহেদী হাসানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে মেহেদী বলেন, তিনি সিলেটের এবিটির দাওয়াতি শাখার দায়িত্বশীল নেতা হিসেবে ওই সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন। বিভিন্ন সময় জিহাদি দাওয়াতি কার্যক্রম পরিচালানার মাধ্যমে সংগঠনের সামরিক শাখায় যোগ দিতে লোকদের উৎসাহিত করতেন। এ ছাড়া সদস্যদের প্রশিক্ষণ নেওয়া ও অপারেশনের জন্য সংগঠনের অন্য নেতাদের কাছে পাঠাতেন। তাঁর সংগ্রহ করা কয়েকজন কর্মী উত্তর বাড্ডার সাতারকুল এলাকার ৫৭৭ নম্বর বাড়িতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ ছাড়া এবিটির আর্থিক অনুদান প্রদান ও সংগ্রহে তিনি সহযোগিতা করে আসছিলেন।