আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যের স্বীকারোক্তি
সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আমিনুল ইসলাম, আবু হানিফ, মো. আলী আজাদ ও আসাদুল্লাহ ওরফে পিয়াস জবানবন্দি দেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ শেষে প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ আসামিরা আদালতে জবানবন্দিতে জানান, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হলেন মুফতি জসীম। মুফতি জসীম তাঁদের ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জিহাদি শিক্ষা দেন।
আজ মহানগর গোয়েন্দা পুলিশ রিমান্ডে থাকা নয়জন আসামিকে আদালতে হাজির করে। এর মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তদন্ত কর্মকর্তা আদালতে তা গ্রহণের জন্য আবেদন জানান। বাকি পাঁচ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানায় ডিবি পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, মামলার প্রয়োজনে পরবর্তী সময়ে আসামিদের রিমান্ডের আবেদন করা হতে পারে। ২৫ আগস্ট এই নয় আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। ১৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর, বাড্ডা, যাত্রাবাড়ী, সাভার, সেন্ট্রাল রোড ও এলিফ্যান্ট রোডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি ল্যাপটপ ও জিহাদি বই উদ্ধার করা হয়।