আনসারুল্লাহ বাংলা টিমের ছয় জঙ্গির মৃত্যুদণ্ড

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে আটজনকে হত্যাসহ ডাকাতির দায়ে নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া একজনকে যাবজ্জীবন ও দুজনকে তিন বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় অপর দুজনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ মামলার রায় ঘোষণা করেন। ২৪ কার্যদিবসে আদালত এ মামলা নিষ্পত্তি করলেন।
রায় ঘোষণার আগে কারাগারে আটক ১০ আসামিকে আদালতে হাজির করা হয়। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ছয় জঙ্গি হলেন বোরহান উদ্দিন, সাইফুল আলামিন, মাহফুজুল ইসলাম ওরফে সুমন ওরফে জামিল, মো. জসীম উদ্দিন, মিন্টু প্রধান ও সোহেল রানা ওরফে পলাশ।
তাঁদের মধ্যে সোহেল রানা শুরু থেকে পলাতক। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন উকিল হাসান। তিন বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত দুজন হলেন আবদুল বাতেন ও শাজাহান জমাদ্দার। আর খালাসপ্রাপ্ত দুজন হলেন মোজাম্মেল ও বাবুল সরকার।
আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের বিরুদ্ধে এটি দ্বিতীয় কোনো মামলার রায়। এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর রাজধানীর পল্লবীতে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সংগঠনটির প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং অপর পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
গতকাল দেওয়া রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে ব্যাংক ডাকাতি ও হত্যার অভিযোগ প্রমাণে ৬৪ জন সাক্ষী উপস্থাপন করেছে। ছয় আসামির বিরুদ্ধে পরিকল্পিতভাবে আটজনকে হত্যাসহ ডাকাতির অপরাধ প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। ওই ঘটনায় সহযোগিতা করায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। খুন ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অপরাধে দুজনকে তিন বছর করে কারাদণ্ড এবং দুজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হলো।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আসামিরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিলেন। পরে তাঁরা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন। আসামিরা পরিকল্পিতভাবে নিষ্ঠুরভাবে ব্যাংক কর্মকর্তাদের হত্যাসহ ডাকাতি করেছেন। তবে আশ্চর্যের বিষয়, আসামিরা জানেন না তাঁদের দলনেতা কে? মামলার তদন্তে উঠে এসেছে, আসামিরা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন অপরাধ সংঘটন করেন। কিন্তু গ্রুপের নেতা ছাড়া তাঁরা কাউকে চেনেন না। নামও জানেন না। জঙ্গি সংগঠনের নীতি ও আদর্শ অনুযায়ী কেউ কারও বিষয়ে জানতেও চাইতে পারেন না বা জানার অধিকার নেই।
পর্যবেক্ষণে আরও বলা হয়, আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণে উঠে এসেছে, সংগঠনের একটি গ্রুপ অন্য আরেকটি গ্রুপ সম্পর্কে কিছুই জানে না। এ কারণে মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা কে, তাঁরা জানেন না। এতে মূল আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। এ কারণে তদন্তেও তাঁদের চিহ্নিত করা সম্ভব হয়নি। প্রত্যেক আসামি পূর্বপরিকল্পিতভাবে ব্যাংক ডাকাতিতে অংশ নেন এবং নির্মমভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেন। এটি দিনে-দুপুরে ডাকাতির ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আসামিরা পূর্ব থেকেই প্রশিক্ষিত এবং ঠান্ডা মাথার খুনি।
পর্যবেক্ষণে বলা হয়, খালাসপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও হত্যার বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। তাই জঙ্গি অর্থায়নে তাঁদের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি খন্দকার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, রায়ে তাঁরা সন্তুষ্ট। খালাস পাওয়া দুই আসামির বিষয়ে তিনি বলেন, তদন্তে একজনের বিষয়ে সাক্ষ্য-প্রমাণ আসেনি। বিচার চলাকালে কোনো সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় দুজনকে খালাস দিয়েছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মদ বলেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
গত বছরের ২১ এপ্রিল বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় জঙ্গিরা হানা দেয়। জঙ্গিদের গুলি ও ছুরিকাঘাতে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপকসহ আটজন নিহত হন। ব্যাংকটি থেকে লুট করা হয় ৬ লাখ ৮৭ হাজার ১৯৩ টাকা। ঘটনাস্থল থেকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বোরহানকে আটক করা হয়। এ ঘটনায় ওই বছরের ২২ এপ্রিল ব্যাংকের কর্মকর্তা ফরিদুল হাসান আশুলিয়া থানায় মামলা করেন। পরে অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে গত বছরের ১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) দীপক সাহা। চলতি বছরের ২১ জানুয়ারি ১১ আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়।
ওই ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি বর্তমানে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায়ও এই ১১ জনই আসামি।