আনসারুল্লাহ বাংলা টিমের দুই 'সদস্য' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইকবারদী বাসস্ট্যান্ড থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই ‘সক্রিয় সদস্য’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গতকাল সোমবার রাতে উপজেলার ইকবারদী বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জাহিদুল ইসলাম ওরফে কাওছার (৩২) ও গাইবান্ধার সদর থানার মো. মশিউর রহমান ওরফে জীবন (২৮)। র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে জঙ্গিবাদী জিহাদি লিফলেট ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের কিছু সদস্য গোপন বৈঠক করতে জড়ো হয়েছে—এমন খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। এ সময় জাহিদুল ও মশিউরকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, জাহিদুল ইসলাম ২০০৪ সালে জুয়েলের মাধ্যমে জেএমবিতে যোগদান করেন এবং জেএমবির নেতা আরাফাত রহমান সানির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আত্মঘাতী গ্রুপে নাম লেখান। পরে ২০০৭ সালে কিছুদিন হিযবুত তাহ্‌রীরে কাজ করার পর ২০১৫ সালে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন তিনি। অন্যদিকে মশিউর রহমান ২০১৬ সালে শিপনের মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন।

র‍্যাব সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।