আনসারুল্লাহ বাংলা টিমের নয়জন আটক
উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নয়জন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দিবাগত রাত দুইটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, প্রশিক্ষণ বই, সাময়িকী, ল্যাপটপ, কম্পিউটার, সিডি ও ইন্টারনেট মডেম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাজী রেজওয়ান (৩০), নাইমুল হাসান (২৮), আবু হানিফ (২৬), আমিরুল ইসলাম (২৫), জাহিদুল ইসলাম (২৬), আলী আজাদ (২৮), আসাদুল্লাহ (২২), জুম্মন শিকদার (১৭), সাইফুল ইসলাম (২১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, রাজধানীর মোহাম্মদপুর, গ্রিনরোড, এলিফেন্ট রোড, ঝিগাতলা, বাড্ডা ও রাজধানীর অদূরে সাভার এলাকায় অভিযান চালিয়ে এই নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবিকে জানিয়েছে, সংগঠনটির প্রধান মুফতি মো. জসিমউদ্দীন রাহমানি। অপারেশনাল প্রধান ইজাজ হোসেন বর্তমানে পাকিস্তানে আছেন। সংগঠনটি আল-কায়েদা ও তালেবান মতবাদে বিশ্বাসী। তারা দাওয়া, ইদাদ, বিরাত, কতল—এই চার ধাপে কাজ করছে।
ডিবি জানিয়েছে, আটক কাজী রেজওয়ান মাদ্রাসার ছাত্র। বাকিরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
এ বিষয়ে আজ বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ের কথা রয়েছে।