আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানসহ ৩১ জনের বিচার শুরু
বরগুনায় উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দীন রাহমানি ও তাঁর ৩০ জন অনুসারীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা একটি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে৷
বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে গতকাল সোমবার সকালে জসীম উদ্দীন রাহমানিসহ ওই মামলার তিন আসামিকে হাজির করার মাধ্যমে এ বিচারকাজ শুরু হয়৷ মামলার ৩১ আসামির মধ্যে বাকি ২৮ জন জামিনে রয়েছেন৷
আদালত সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে মুফতি জসীম উদ্দীন ও তাঁর দুই সহযোগীকে বরগুনা কারাগার থেকে আদালতে হাজির করা হয়৷ এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান ও আসািমপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন৷
গত বছরের ১২ আগস্ট বরগুনা শহরের উপকণ্ঠে দক্ষিণ খাজুরতলা এলাকার একটি বাড়িতে বৈঠককালে সদর থানার পুলিশ জসীম উদ্দীন ও তাঁর ৩০ অনুসারীকে আটক করে৷ পরে তাঁদের সবাইকে আসামি করে পুলিশ থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করে৷ মামলার তদন্ত শেষে ৩১ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ৷
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ, আনসারুল্লাহ বাংলা টিম জেএমবি কিংবা হরকাতুল জিহাদের চেয়েও উগ্রপন্থী ও আল-কায়েদার অনুসারী৷ এ ছাড়া মুফতি জসীম উদ্দীন ঢাকার মোহাম্মদপুরের বছিলায় মারকাজুল উলুম আল ইসলামিয়া নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক৷