আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শামছুল আলম এ আদেশ দেন। এর মধ্যে দিয়ে এ মামলার বিচার কাজ শুরু হলো।

আসামিদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ গঠন করা হয়। আগামী ৬ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। মুফতি জসীম উদ্দিন ব্লগার রাজিব হায়দার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।
মুফতি জসীম উদ্দিন রাহমানী ছাড়াও আজ অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাঁরা হলেন: আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আবু হানিফ, আবদুল্লাহ আল আসাদুল্লাহ, আলী আসাদ, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান শরীফ, নাঈমুল হাসান ও জুনুন শিকদার। এঁদের মধ্যে জসীম উদ্দিন, আবু হানিফ ও আসাদুল্লাহ কারাগারে আছেন। জামিনে আছেন আলী আসাদ। বাকি ছয়জন পলাতক। আজ তাঁদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার এজাহারের জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে বরগুনার এক মামলায় জসীম উদ্দিন রাহমানীকে আটক করা হয়। ২০১৩ সালের ২৪ মার্চ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে জাহিদুরকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে জিহাদি বই, প্রশিক্ষণ বই, সাময়িকী, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট মডেম ও ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ এ মামলা করেন। তাতে অভিযোগ করা হয়, আসামিরা মুফতি জসীম উদ্দিনের নির্দেশে আল কায়দার আদলে বাংলাদেশে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশে শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে ভিডিও প্রচার করেন। মামলাটি তদন্ত শেষে মুফতি জসীম উদ্দিনসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ পরিদর্শক ওয়াহেদুজ্জামান।