আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার তিনজনের রিমান্ড মঞ্জুর
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রসহ গ্রেপ্তার তিন তরুণকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে নগরের পতেঙ্গা থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে এই মামলায় সীতাকুণ্ড থেকে গত জুলাই মাসে গ্রেপ্তার হওয়া মুসায়াব ইবনে উমায়েরকে গ্রেপ্তার দেখানো হয়।
রিমান্ড মঞ্জুর হওয়া তিন তরুণ হলেন ফরহাদ আহম্মেদ ওরফে রিপন (২৭), মো. ইমরান (২৬) ও আহম্মদ হোসেন ওরফে রুবেল (২১)। আসামিদের মধ্যে ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে কর্ণফুলীর ইপিজেড এলাকার একটি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। ইমরান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছেন এবং রুবেল শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। ১৮ আগস্ট নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে উগ্রমতবাদের ১৩টি বই, দুটি ল্যাপটপ ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের পতেঙ্গা থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফতাব হোসেন।
চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের সরকারি কৌঁসুলি নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত শুনানি শেষে গ্রেপ্তার হওয়া তিন তরুণের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় তাঁদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে দেন। এ ছাড়া সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার হওয়া তাঁদের দলনেতা মুসায়াব ইবনে উমায়েরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখান।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের এসআই আফতাব হোসেন গতকাল বিকেলে বলেন, রিমান্ড মঞ্জুর হওয়া তিন তরুণকে জিজ্ঞাসাবাদ করতে শনিবার কারাগার থেকে আনা হবে।