আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যসহ ৫ জন রিমান্ডে
রাজধানীর বাড্ডা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন।
আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য হলেন শাহ আলম ও শাহিন আলম। বাড্ডার ওই বাসার মালিক হানিফ, তাঁর ছেলে মুশফিকুর এবং জামাতা গাজী মাহমুদুল্লাহ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ফজলুর রহমান আসামিদের মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সন্ত্রাসবিরোধী আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুই মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের শাহ আলম ও শাহিন আলম প্রত্যেকের পাঁচ দিন করে ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়াও পুলিশের ওপর হামলার মামলায় হানিফকে এক দিন, মুশফিকুর ও গাজী মাহমুদুল্লাহকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।