আনসারুল্লাহ বাংলার দুই সদস্য ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যের ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক আজ শুক্রবার এ আদেশ দেন।

ওই দুজন হলেন সংগঠনটির সক্রিয় সদস্য শাহ আলম ও শাহিন আলম। গত ২২ ফেব্রুয়ারি তাঁদের পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক দীপক কুমার দাস এই দুই আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

গত ১৯ ফেব্রুয়ারি বাড্ডা এলাকায় আনসারুল্লাহ বাংলা টিমের আস্তানায় অভিযান চালাতে গেলে জঙ্গিরা পুলিশ পরিদর্শক বাহাউদ্দিন ফারুকীকে কুপিয়ে জখম করে।
এরপর ডিবি ওই এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এই দুই সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। শাহ আলম ও শাহিন আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি বাড়ির পাঁচতলা থেকে ২০টি বোমা এবং বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়। রিমান্ডে নেওয়ার পর দুই জঙ্গি ডিবিকে জানায়, দক্ষিণখানের সরদারপাড়ায় আনসারুল্লাহ বাংলা টিমের একটি আস্তানা রয়েছে। এর ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়।