নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেপ্তার করা তিন সদস্যকে গতকাল শুক্রবার ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় সাত দিন করে রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্র বলেছে, গত বৃহস্পতিবার ভোরে র্যাব রাজধানীর ফকিরাপুল থেকে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্য মো. আবুল বাশার, জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসানকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতে তাঁদের ব্লগার অভিজিৎ হত্যা মামলার তদন্তকারী সংস্থা ডিবির কাছে হস্তান্তর করা হয়। ডিবি তাঁদের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার করা আবুল বাশার আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, জুলহাস ও জাফরান সংগঠনটির গণমাধ্যম শাখার দায়িত্বে রয়েছেন।
ব্লগার অভিজিৎ রায় হত্যায় জড়িত সন্দেহে এ নিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে র্যাব ছয়জনকে ও ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অবশ্য ডিবি পুলিশ বলেছে, গত ১৭ আগস্ট গ্রেপ্তার করা আনসারুল্লাহ বাংলা টিমের তৌহিদুর রহমান, সাদেক আলী ও আমিনুল মল্লিক অভিজিৎ হত্যায় জড়িত—এমন কোনো তথ্য তাঁদের কাছ থেকে পাওয়া যায়নি।
এ মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ প্রথম আলোকে বলেন, রিমান্ডে নিয়ে আবুল বাশার, জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্লগার অভিজিৎ হত্যায় জড়িত সন্দেহে এর আগে গ্রেপ্তার করা তৌহিদুর রহমান, সাদেক আলী ও আমিনুল মল্লিককে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই) জিজ্ঞাসাবাদ করেছে। পরে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। টিএফআইয়ের জিজ্ঞাসাবাদের তথ্য এখনো ডিবির কাছে আসেনি।