আনসারুল্লাহর তিন সদস্যের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক আজ বুধবার এ আদেশ দেন।

এই তিনজন হলেন আকরাম হোসেন ওরফে আবু ওমর (২৮), সাদ বিন মুসলিম (২৩) ও ইসরাফিল হোসেন (২২)।

এর আগে বংশাল থানায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আলমগীর সিদ্দিক এই তিন আসামিকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা যায়, জঙ্গি কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ২৯ আগস্ট বংশাল থানাধীন এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আদালতে দেওয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, এই তিনজনই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দিন রাহমানীর অনুসারী। এ ছাড়া তাঁরা বড় ধরনের জঙ্গি হামলার পরিকল্পনা করছিলেন। তাঁদের সহযোগীদের সম্পর্কে জানতে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আসামিরা ফেসবুকে অডিও-ভিডিও প্রচারের মাধ্যমে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করছিলেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।