প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী (টুটুল) হত্যাচেষ্টার অভিযানে সরাসরি অংশ নেননি বলে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আবদুস সবুর। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক (১৬৪ ধারায়) জবানবন্দি দেন সবুর।
যদিও প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যায় নেতৃত্বদানকারী সন্দেহে গ্রেপ্তার হওয়া মাইনুল হাসান ওরফে সিফাত তাঁর জবানবন্দিতে প্রকাশক আহমেদুরের ওপর হামলায় সবুরের জড়িত থাকার কথা বলেছেন।
৩ সেপ্টেম্বর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ টঙ্গী স্টেশন থেকে সবুরকে গ্রেপ্তার করে। তাঁর অনেকগুলো সাংগঠনিক নাম বা ছদ্মনাম রয়েছে। সেগুলো হলো সামাদ, সুজন, রাজু, সাদ ইত্যাদি। এর আগে গত ২৩ আগস্ট রাতে টঙ্গী থেকেই গ্রেপ্তার হন মাইনুল হাসান ওরফে সিফাত ওরফে নাসির ওরফে ইমরান।
বৃহস্পতিবার আদালতে দেওয়া জবানবন্দিতে সবুর বলেন, কয়েক মাস প্রশিক্ষণের পরে টঙ্গীর বর্ণমালা সড়কের একটি বাসায় প্রকাশক আহমেদুর রশীদের ছবি দেখিয়ে তাঁদের বলা হয় ‘এই লোক ইসলামবিরোধী। তাঁকে হত্যা করতে হবে।’ এরপর আরও কয়েকজনকে নিয়ে সবুর রাজধানীর লালমাটিয়া এলাকায় প্রকাশনী সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে রেকি করেন। জবানবন্দিতে সবুর দাবি করেন, তিনি সঠিকভাবে রেকির প্রতিবেদন দিতে না পারায় তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে শরীফুল নামে একজনকে দায়িত্ব দেওয়া হয়। এরপর গত বছরের ৩১ আগস্ট সকাল ১০টার দিকে শরীফুল, সিহাব, সাব্বির, বাবর, ইয়াহিয়া ও তাহসিন প্রকাশক আহমেদুরের ওপর হামলা চালাতে বের হন। সন্ধ্যায় শরীফুল টঙ্গীর আস্তানায় ফিরে আসেন। একই দিনে সিফাতের নেতৃত্বে আলম, আকাশ, তৈয়বসহ আরও দুজন শাহবাগে প্রকাশক দীপনকে হত্যা করতে যান।
এর আগে গ্রেপ্তার মাইনুল ওরফে সিফাত গত সপ্তাহে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে তিনি গত বছর সাভারের ব্লগার রিয়াদ মোর্শেদ (বাবু) ও প্রকাশক দীপনকে হত্যার দায় স্বীকার করেন। হত্যায় জড়িত আরও কয়েকজনের সম্পর্কেও জবানবন্দিতে উল্লেখ করেন মাইনুল। এর মধ্যে সবুর ওরফে সামাদের উল্লেখও রয়েছে।
জবানবন্দিতে মাইনুল বলেন, সামাদ টঙ্গীর বর্ণমালা সড়কের আস্তানার প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। গত বছরের ৩১ আগস্ট শরীফুল, সবুর, শিহাবসহ কয়েকজন আহমেদুর রশীদের ওপর হামলা চালাতে গিয়েছিলেন। সামাদ ওরফে সুজনের আসল নাম আবদুস সবুর। গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়ায়। তিনি ঢাকার গেন্ডারিয়ার ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র ছিলেন।