আনসারুল্লাহর দুই সদস্য রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার সাতারকুলে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শকের ওপর হামলা, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন। এদিকে মোহাম্মদপুর নবোদয় হাউজিং, বি-ব্লকের ২৮ নম্বর বাড়ি থেকে বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।
রিমান্ডে নেওয়া পাঁচজনের মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য হলেন শাহ আলম ও শাহিন আলম। অন্যরা হলেন বাড্ডার ওই বাসার মালিক হানিফ, তাঁর ছেলে মুশফিকুর ও জামাতা গাজী মাহমুদুল্লাহ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ফজলুর রহমান আসামিদের মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সন্ত্রাসবিরোধী আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুই মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের শাহ আলম ও শাহিন আলম প্রত্যেকের পাঁচ দিন করে ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া পুলিশের ওপর হামলার মামলায় হানিফকে এক দিন, মুশফিকুর ও গাজী মাহমুদুল্লাহকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
এদিকে গতকাল মোহাম্মদপুরের ওই বাসাটিতে গিয়ে দেখা যায়, ছয়তলা ভবনটি ভেতর থেকে তালা মারা। ফটকের মধ্য দিয়ে দিয়ে উঁকি দিলে এগিয়ে আসেন মোহাম্মদপুর থানার কনস্টেবল মতিন। সাংবাদিক পরিচয় দিলে তিনি বলেন, ‘ভাই, আমরা এখানে পাহারা দিচ্ছি। বাইরের কারও ঢোকা নিষেধ।’ এই বলে তিনি এই প্রতিবেদককে চলে যেতে বলেন।
তবে আশপাশের কয়েকটি চা দোকানদার, মুদি দোকানদার ও কয়েকটি বাড়ির লোকজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, ছয়তলা এই ভবনের নিচ, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার বাসিন্দারা মেস করে থাকতেন। গত শুক্রবার মধ্যরাতে ভবনের সব পুরুষকেই আটক করে নিয়ে গেছে পুলিশ। এর মধ্যে ভবনের মালিক ও তাঁর ছেলেও রয়েছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন মীর প্রথম আলোকে বলেন, বাড়ির মালিক মাওলানা আবদুল মালেক ও তাঁর ছেলেকেই শুধু ডিবি তাঁদের কাছে হস্তান্তর করেছে। এদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববারই আদালতে চালান করে দেওয়া হয়েছে।
ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মোহাম্মদপুর ও টঙ্গীতে অভিযান চালিয়ে যেসব বোমা ও অস্ত্র পাওয়া গেছে, সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।