আনসারুল্লাহর পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার ওয়াশিকুর রহমান ওরফে বাবু হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।
আসামিরা হলেন আরিফুল ইসলাম, জিকরুল্লাহ, সাইফুল ইসলাম, জুনায়েদ ওরফে তাহের ও হাসিব আবদুল্লাহ ওরফে মাসুম। এঁদের মধ্যে প্রথম তিনজন কারাগারে আছেন। জুনায়েদ ও হাসিব আবদুল্লাহ পলাতক।
গত ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় দুর্বৃত্তরা ওয়াশিকুরকে কুপিয়ে হত্যা করে। দুই হিজড়াসহ কয়েকজন পথচারী দুর্বৃত্তদের মধ্যে দুজনকে ধরে ফেলেন। তাঁরা হলেন আসামি জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম। এই দুজনের তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় গ্রেপ্তার হওয়া সাইফুলকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, সাইফুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তদন্তে বেরিয়ে এসেছে যে, ব্লগে লেখালেখির কারণে ওয়াশিকুরকে হত্যা করা হয়। হত্যার পরিকল্পনায় ছিলেন হাসিব আবদুল্লাহ ও সাইফুল। আর সরাসরি হত্যায় অংশ নেন জিকরুল্লাহ, আরিফুল ও জুনায়েদ। এই তিনজনই বিভিন্ন মাদ্রাসার ছাত্র। সাইফুল সিলেটের একটি মাদ্রাসার শিক্ষক। পলাতক হাসিব আবদুল্লাহর বাসা ঢাকার যাত্রাবাড়ীতে। তিনি ঢাকা কলেজের স্নাতক (সম্মান) পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। পলাতক আরেক আসামি জুনায়েদের বাড়ি সিলেটে।
ডিবি সূত্র জানায়, জিকরুল্লাহ ও আরিফুল রিমান্ডে বলেছিলেন, তাঁরা আগে যাত্রাবাড়ীতে থাকতেন। ওয়াশিকুরকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে বেগুনবাড়ীতে তাঁর বাসার পাশে তাঁদের জন্য ঘর ভাড়া করে দিয়েছিলেন সাইফুল। কিন্তু ওয়াশিকুর হত্যার পাঁচ দিন আগেই ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার হন সাইফুল। অভিযোগপত্রে বলা হয়, হত্যাকাণ্ডে আরও চার-পাঁচজন সংশ্লিষ্ট। ওয়াশিকুর তেজগাঁও কলেজ থেকে লেখাপড়া শেষ করে মতিঝিলে একটি ট্রাভেল এজেন্সিতে শিক্ষানবিশ হিসেবে চাকরি করতেন। তিনি একটি ব্লগে ও ফেসবুকে লেখালেখি করতেন।