
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মুহাম্মদ জসীমউদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর সাতজন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
ডিবি পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করে। এ মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মামলার খুঁটিনাটি তদন্ত শেষে ১১ মাস ১২ দিনের মাথায় বহুল আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হলো। মামলার বাদী ও নিহত রাজীবের বাবা নিজামউদ্দিন, হত্যাকাণ্ডস্থলের আশপাশের লোকজন, পুলিশ, চিকিৎসকসহ ৫৫ জনকে মামলায় সাক্ষী করা হয়েছে।
অভিযোগপত্রভুক্ত সাত শিক্ষার্থী হলেন মো. ফয়সাল বিন নাঈম (২২), মাকসুদুল হাসান (২৩), মো. এহসান রেজা (২৩), নাঈম সিকদার (১৯), নাফিস ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২৫) ও রেদোয়ানুল আজাদ।
অভিযোগপত্রে বলা হয়, তদন্তে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ও মুফতি জসীমউদ্দিন রাহমানীর জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ছয় ছাত্রকে জিজ্ঞাসাবাদ, আদালতে দেওয়া তাঁদের জবানবন্দি এবং তদন্তে নিশ্চিত হওয়া গেছে, জসীমউদ্দিন রাহমানীর বই পড়ে এবং সরাসরি তাঁর বয়ান ও খুতবায় অংশ নিয়ে তাঁরা নাস্তিক ব্লগারদের খুন করতে উদ্বুদ্ধ ও উৎসাহিত হন। এরই ধারাবাহিকতায় ব্লগার রাজীব খুন হন।
অভিযোগপত্রে জসীমউদ্দিনকে ‘হত্যাকাণ্ডে অনুপ্রেরণাকারী’ উল্লেখ করা হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী বলা হয়েছে রেদোয়ানুল আজাদকে। ওই শিক্ষার্থীরা যে দোকানগুলো থেকে চাপাতি, ছুরি ও মুঠোফোনের সিম কিনেছিলেন, সেসব দোকানিও আদালতে জবানবন্দি দেন।
অভিযোগপত্রে বলা হয়, প্রাপ্ত তথ্য-প্রমাণ অনুযায়ী, রেদোয়ানুলের পরিকল্পনা ও নেতৃত্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরও ছয় শিক্ষার্থী গত বছরের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানার পলাশনগরে নিজ বাড়ির কাছে ব্লগার রাজীবকে (৩২) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পল্লবী থানায় করা মামলাটি প্রথমে তদন্ত করেন ডিবির পরিদর্শক মো. মাইনুল ইসলাম। পরে দায়িত্ব পান ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ।
ডিবি প্রথমে জড়িত হিসেবে ফয়সাল, মাকসুদুল, এহসান, নাঈম ও নাফিস ইমতিয়াজকে শনাক্ত করে। তাঁরা নর্থ সাউথের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের ছাত্র। ১ মার্চ রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে একই বিভাগের শিক্ষার্থী সাদমানকে গ্রেপ্তার করে ডিবি। তাঁরা হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।
এই সাত ছাত্রকেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেছে। রেদোয়ানুল ছাড়া অভিযোগপত্রভুক্ত বাকি সাতজনই কারাগারে আছেন। পলাতক রেদোয়ানুলের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর জয়লস্করে।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা বলেন, রাজীব হত্যার দেড় মাস আগে তাঁরা বিশ্ববিদ্যালয়ে তাঁদের বড় ভাই রেদোয়ানুলের কাছে শুনে ‘থাবা বাবা’র ব্লগ পড়তেন। রাজীব হায়দার ‘থাবা বাবা’ নামে ব্লগে লিখতেন।
ধর্ম নিয়ে অবমাননাকর লেখা দেখে তাঁরা ‘থাবা বাবার’ ওপর ক্ষুব্ধ হন। রেদোয়ানুলের নেতৃত্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরও ছয় ছাত্র মোহাম্মদপুরের বছিলা রোডে মারকাস মসজিদে একাধিকবার জসীমউদ্দিন রাহমানীর খুতবা শোনেন। ওই সময় তিনি ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যকারী নাস্তিক ব্লগারদের খুন করতে অনুপ্রেরণা দেন।
এরপর রেদোয়ানুলের নেতৃত্বে তাঁর বৈঠক করে ব্লগার রাজীবকে হত্যার পরিকল্পনা করেন।