আনসারুল্লাহর প্রধান জসীমউদ্দিন সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী

দেশে গোপনে সক্রিয় উগ্রপন্থী গোষ্ঠী ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশ আজ মঙ্গলবার তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে ঢাকার মহানগর হাকিম হারুন-অর রশীদ এ আদেশ দেন।
জসীমউদ্দিন রাহমানীকে ৩০ জন অনুসারীসহ ১২ আগস্ট দুপুরে বরগুনা শহরের উপকণ্ঠে দক্ষিণ খাজুরতলা এলাকার একটি বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
এই সংগঠনের বিষয়ে প্রথম আলোতে গত ১৪ মার্চ ‘দেশে নতুন উগ্রপন্থী গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম সক্রিয়’ শিরোনামে অনুসন্ধানী খবর প্রকাশ করা হয়। ওই অনুসন্ধানে বেরিয়ে এসেছিল, আনসারুল্লাহ বাংলা টিম জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও হরকাতুল জিহাদের চেয়েও উগ্রপন্থী এবং তারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে পরিচিত আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে।
আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারী ‘নাস্তিক’ ও ‘মুরতাদ’ ব্লগারদের এবং তাঁদের সমর্থনকারীদের কতল বা হত্যা করার জন্য মুফতি জসীমউদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি রাজশাহীতে একটি ‘ইসলামি মহাসমাবেশে’ তাঁর অনুসারীদের প্রতি আহ্বান জানান, যা ‘ইসলামের আলো’ নামে একটি ওয়েবসাইটে প্রচারও করা হয়। পরে তিনি মোহাম্মদপুরের বছিলায় তাঁর প্রতিষ্ঠিত মসজিদে জুমার নামাজের আগে-পরে একাধিক বক্তৃতায় একই ফতোয়া দেন।

মুফতি জসীমউদ্দিন মারকাজুল উলুম আল ইসলামিয়া নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। এই মারকাজুলের অধীন তিনি ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিনি ওয়াজ, জুমার নামাজের খুতবা, পুস্তিকা ছাপিয়ে ও ইন্টারনেটের মাধ্যমে উগ্র মতবাদ প্রচার এবং তরুণদের ‘জিহাদে’ উদ্বুদ্ধ করে আসছেন। একই সঙ্গে তিনি গোপন জঙ্গি তত্পরতা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেছে সূত্রগুলো। বিভিন্ন গোয়েন্দা সংস্থা মুফতি জসীমউদ্দিনকে কয়েক বছর ধরে পর্যবেক্ষণে রেখেছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

জমীমউদ্দিনের বিরুদ্ধে ঢাকায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় বরগুনা থানায় আরেকটি মামলা করা হয়।