ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ওই ২৬ জন বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের নেতা মুফতি জসিমউদ্দীন রাহমানীর মতাদর্শের অনুসারী। তাঁরা আনসারুল্লাহর ব্যানারে সংগঠিত হচ্ছিলেন। তবে তাঁরা কোনো হত্যা না নাশকতার প্রশিক্ষণ নেননি। আল-কায়েদা বা ইসলামিক স্টেটের (আইএস) মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন না।
গতকাল বৃহস্পতিবার ডিএমপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম। ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, বাংলাদেশে ফেরত পাঠানো এসব শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাংলাদেশে হামলা চালানোর সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার তথ্য তাঁদের কাছে পাওয়া যায়নি।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ওই দেশে গত ১৬ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ২৬ জনকে পরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। একজন সিঙ্গাপুরের কারাগারে আছেন।
গত বুধবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এঁদের নাম ও ছবি প্রকাশ করে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের মতো বাংলাদেশের গণমাধ্যমে গুরুত্ব দিয়ে এ খবর বের হয়। সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় দৈনিক স্ট্রেইট টাইমস পুরো প্রথম পাতাজুড়ে ২৭ জনের ছবিসহ শুধু এই খবরটি ছাপিয়েছে।
এ বিষয়ে গতকাল ডিএমপির সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে ফেরার পর ওই ২৬ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তাতে উগ্র মতাদর্শে সম্পৃক্ত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে ১৪ জনের বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর ঢাকার উত্তরা পূর্ব থানায় একটি মামলা করে পুলিশ। ওই মামলায় রিমান্ড শেষে তাঁরা এখন কারাগারে।
ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, এসব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া গেছে, তাঁরা বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহর নেতা জসিমউদ্দীন রাহমানীর অনুসারী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাই তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ১২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সুনির্দিষ্ট কোনো তথ্য না মেলায় তাঁদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আইএস বা আল-কায়েদার মতো কোনো আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে এই ২৬ জনের কোনো যোগাযোগ আছে কি না, এ প্রশ্নের জবাবে মনিরুল বলেন, এঁদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোনো যোগাযোগ পাওয়া যায়নি। তাঁরা কোনো হত্যা বা নাশকতার প্রশিক্ষণ নিয়েছেন, এমন তথ্যও ঢাকায় জিজ্ঞাসাবাদ করে পাওয়া যায়নি। সিঙ্গাপুরের পুলিশও এ রকম কোনো তথ্য পাওয়ার কথা জানায়নি। তিনি বলেন, এঁরা মুফতি রাহমানীর শিষ্য। কেউ কেউ দেলাওয়ার হোসাইন সাঈদী ও জাকির নায়েকের বয়ান শোনেন এবং শিষ্য। কারাবন্দী জসিমউদ্দীন রাহমানীর মুক্তির জন্য এঁদের কেউ কেউ কিছু অর্থ পাঠিয়েছেন। আবার কেউ কেউ মসজিদ-মাদ্রাসায় দান করেছেন, হেফাজতে ইসলামের জন্যও অর্থ পাঠিয়েছেন। এ বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, এসব ব্যক্তি ওই দেশে বসে বাংলাদেশে জিহাদ করার কথা ভাবছিলেন। এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশে সুনির্দিষ্ট কোনো হামলার পরিকল্পনা হচ্ছিল—এসব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এমন কোনো তথ্য মেলেনি। তাঁরা সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে গিয়েছিলেন। সেখানে আনসারুল্লাহর ব্যানারে সংগঠিত হচ্ছিলেন। সিঙ্গাপুরের পুলিশ যতটকু জানিয়েছে, তাতেও মনে হয়েছে, তাঁরা সংগঠিত হচ্ছিলেন। আবার এমনও আছে, এঁদের কেউ মসজিদে এক দিন মাত্র গিয়েছেন। কেউ হেফাজতকে অর্থ দিয়েছেন আর কেউ জামায়াতের অনুসারী।
আরেক প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, এঁরা এর আগে কেউ সক্রিয় রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। সিঙ্গাপুরের ওই মসজিদে গিয়েই তাঁরা কিছুটা উগ্রবাদী চিন্তায় প্রভাবিত হয়েছেন। সেখানে কিছু বয়ান হতো। ওই মসজিদে বাংলাদেশ থেকে গিয়েও বয়ান করা হয়েছে। তাঁদের মুঠোফোনে রাহমানীর বই, বয়ানের অডিও-ভিডিও পাওয়া গেছে। তাঁরা আহলে হাদিসের অনুসারী হন। এ ছাড়া ইন্টারনেট থেকে তাঁরা আনসারুল্লাহর প্রচারিত বক্তব্য সংগ্রহ করেছেন। ওখানে তাঁদের কোনো নেতা থাকতে পারেন।
ডিবির কর্মকর্তারা জানান, এসব ব্যক্তি দুই থেকে আট বছর ধরে সিঙ্গাপুরে ছিলেন। তাঁরা প্রতি রোববার সিঙ্গাপুরের মোস্তফা মার্ট-সংলগ্ন এঙ্গোলিয়া মসজিদে মাগরিবের নামাজের পরে বসতেন। আমিনুল, নুরুল আমিন ও আশরাফ (তিনজনই গ্রেপ্তার) নামের তিনজন বয়ান দিতেন। এরপর মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১০-২০ সিঙ্গাপুরি ডলার চাঁদা নেওয়া হতো। সেই অর্থ বাংলাদেশে জিহাদি বই প্রকাশের জন্য পাঠানো হতো।
গতকাল স্ট্রেইট টাইমস-এর অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়, সিঙ্গাপুরে এসব ব্যক্তি ২০১৩ সাল থেকে উগ্রপন্থী ধর্মীয় আলোচনার এক গোপন পাঠচক্র শুরু করেন। এঁদের বয়স ২৫ থেকে ৪০ বছর। তাঁরা কোনো নির্দিষ্ট নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন না এবং নির্দিষ্ট কোনো আবাসিক এলাকাও থাকতেন না। প্রতি সপ্তাহে মিলিত হতেন।
এদিকে জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানোর এ খবর প্রকাশের পর সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকেরা আতঙ্ক ও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। স্ট্রেইট টাইমস-এর অপর এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে বর্তমানে প্রায় ১ লাখ ৬০ হাজার বাংলাদেশি রয়েছেন, যাঁদের বেশির ভাগেরই বৈধ কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) আছে।
বাংলাদেশি শ্রমিকেরা স্ট্রেইট টাইমসকে বলেছেন, তাঁরা আশা করছেন, সিঙ্গাপুরের মানুষ ওই ২৬ জনের কর্মকাণ্ডের ভিত্তিতে অন্য বাংলাদেশিদের মূল্যায়ন করবেন না। সিঙ্গাপুর থেকে প্রকাশিত বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক আবদুল খায়ের মোহাম্মদ মোহসিন স্ট্রেইট টাইমসকে বলেন, এটা লজ্জার। তাঁরা এখানে কাজ করতে এসেছিলেন, উগ্রবাদী বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে নয়।
সিঙ্গাপুরের টেলিভিশন চ্যানেল নিউজ এশিয়া জানায়, সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশের শ্রমিকেরা এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। এতে তাঁদের ওপর এবং পুরো মুসলিম সমাজের বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে বলে তাঁরা উদ্বিগ্ন।