আনসারুল্লাহর সদস্য সন্দেহে পোশাকশ্রমিক রিমান্ডে
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার এক পোশাকশ্রমিককে জিজ্ঞাসাবাদ করতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁর নাম রোকন উদ্দিন। আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের শুনানি শেষে এ আদেশ দেন।
গত বুধবার দুপুরে নগরের বাকলিয়া এলাকার একটি মেস থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নিজাম উদ্দিন ও পোশাকশ্রমিক রোকন উদ্দিনকে আটক করা হয় বলে জানায় নগর গোয়েন্দা পুলিশ। পরদিন এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বাকলিয়া থানায় মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যের একজন মুসাব ইবনে ওমায়েদের সঙ্গে এ দুজন গোপন বৈঠক করেন। তাঁদের নাশকতার পরিকল্পনা ছিল।
এ মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আজ রোববার ছিল রিমান্ড শুনানির ধার্য দিন।
অবশ্য নিজামের পরিবারের দাবি, গত রোববার বিকেলে সাদাপোশাকধারী লোকজন বাকলিয়ার বড়মিয়া মসজিদ-সংলগ্ন একটি বাসা থেকে তাঁকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায়। ওই ভাড়া বাসায় নিজাম ও তাঁর ভাই আব্বাস উদ্দিন থাকতেন। এ ঘটনায় গত বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর পরিবার। নিজাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি এলএলবি পরীক্ষা দিয়েছেন। এখনো পরীক্ষার ফল প্রকাশিত হয়নি।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে তাঁদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি রোকনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি নিজামের রিমান্ড আবেদন নাকচ করে দেন। শুনানিকালে তাঁর আইনজীবী তাঁকে নির্দোষ দাবি করেন। তাঁর কোনো জঙ্গি-সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়।