আনসারুল্লাহ'র চার সদস্যের আদালতে স্বীকারোক্তি
মোহাম্মদপুর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন আমিনুল ইসলাম, আবু হানিফ, মো. আলী আজাদ ও আসাদুল্লাহ ওরফে পিয়াস।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের পর ওই চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আসামিরা আদালতে জবানবন্দিতে জানান, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাঁদের জিহাদি শিক্ষা দেন আনসারুল্লাহ বাংলার টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী।
আনসারুল্লাহর নয়জন সদস্যকে পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। বাকি পাঁচজনকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।
১৭ আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি মামলা করে পুলিশ।