আনসারের গুলিতে আহত আরেক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আকিজ বিড়ি কারখানায় আনসারের গুলিতে আহত নজরুল ইসলাম (৩২) নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ নিয়ে ওই কারখানায় গুলিতে তিনজন শ্রমিকের মৃত্যু হলো।দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর নজরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নজরুল উপজেলার কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে। তিনি বাক-শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, মজুরি বৃদ্ধির দাবিতে গত রোববার দুপুরে আকিজ বিড়ি কারখানায় মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আনসার সদস্যদের গুলিতে রাকিবুল ইসলাম ও মিন্টু আহমেদ নামের দুই শ্রমিক নিহত হন। গুলিবিদ্ধ হন নজরুল ও মনিরুল ইসলাম নামের দুই শ্রমিক। মনিরুল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় গত সোমবার মিন্টুর ভাই সেন্টু আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন। এদিকে গতকাল দুপুরে নিহত তিন শ্রমিকের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকার চেকে মোট ১৫ লাখ টাকা তুলে দিয়েছে মালিকপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন, সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলী প্রমুখ।চেক গ্রহণ করেন মিন্টুর স্ত্রী রোজিনা খাতুন, রাকিবুলের স্ত্রী মিতা খাতুন ও নজরুলের স্ত্রী রাজিয়া খাতুন। সহকারী পুলিশ সুপার সি এ হালিম বলেন, নিহত ব্যক্তিদের স্ত্রী, ছেলেমেয়ে এবং মায়েদের নামে চেকের অর্থ নগদায়নপূর্বক কুষ্টিয়া সোনালী ব্যাংক শাখায় স্থায়ী আমানত হিসাবে রেখে দেওয়া হবে। সেখান থেকে তাঁরা লভ্যাংশ নিতে পারবেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, প্রশাসনের সহায়তায় লোক দেখানো মামলা নেওয়া হয়েছে। এ মামলায় তেমন কিছুই হবে না। টাকা দিয়ে সবকিছু মিটমাট হয়ে গেছে। তাঁরা গুলি চালানোর নির্দেশকারী কারখানার ব্যবস্থাপক খোরশেদ আলম ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। তাঁরা আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ কারখানায় কাজে যাবে না। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, মামলা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খুব দ্রুত ক্ষতিপূরণের টাকা দেওয়া সম্ভব হয়েছে। এতে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে অনেকটা মীমাংসা হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।