আনসারের নাম পিএসএফ রাখার প্রস্তাব করা হচ্ছে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নাম পরিবর্তন করে ‘পাবলিক সিকিউরিটি ফোর্স’ (পিএসএফ) রাখার প্রস্তাব করা হচ্ছে। পাশাপাশি এই বাহিনীকে জননিরাপত্তাবিধানে স্বতন্ত্র বাহিনী হিসেবে কাজ করার সুযোগ দেওয়াসহ আরও কিছু বিষয় এই প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের চূড়ান্ত করা এই প্রস্তাব শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হবে বলে জানা গেছে।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী গতকাল মঙ্গলবার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ১৯৪৬ সালে ব্রিটিশ সরকার ‘হোম গার্ডস’ গঠন করে। পরে ১৯৪৮ সালে এই নাম পরিবর্তন করে আনসার রাখা হয়। ইতিমধ্যে তালেবান, হরকাতুল জিহাদসহ নানা জঙ্গি সংগঠনের সঙ্গে আনসার শব্দটি সম্পৃক্ত থাকতে পারে—এ রকম প্রচারণা পশ্চিমা বিশ্বে ছড়ানো হচ্ছে। তাই এই বাহিনীর নাম পরিবর্তনের প্রস্তাব করা হচ্ছে। তিনি জানান, এই বাহিনীর ভাবমূর্তি বাড়ানো বা একে জননিরাপত্তাবিধানে পুরোপুরি কাজে লাগানোর বিষয়ে ইতিপূর্বে অবহেলা ছিল।মহাপরিচালক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ ফেব্রুয়ারি আনসার-ভিডিপির ২৯তম সমাবেশ উপলক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মাঠপর্যায়ে তদন্তকাজে আনসার বাহিনীকে দায়িত্ব দেওয়ার সরকারি পরিকল্পনার কথা জানান। এতে এই বাহিনীর মধ্যে কাজে উৎসাহ সৃষ্টি হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে এই বাহিনী জননিরাপত্তাবিধানে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, ১৯৯৫ সালের ব্যাটালিয়ন আনসার আইনের ৮-১(ক) ধারায় বলা আছে, জননিরাপত্তামূলক কাজে সরকার বা সরকারের অধীনের কোনো কর্তৃপক্ষকে সহায়তা করাই হবে আনসারের কাজ।আনসার সদর দপ্তরের একটি সূত্র জানায়, আনসার সদস্যদের জননিরাপত্তার কাজ করতে হয় পুলিশের অধীনে থেকে। কিন্তু পুলিশের মতো আনসারও সরকারের অধীন প্রতিষ্ঠান। অনেক ক্যাম্পে পুলিশের থাকেন একজন, বাকি ১৬ জন থাকেন আনসার সদস্য। এর পরও ওই ক্যাম্পের নাম দেওয়া হয় পুলিশ ক্যাম্প। আনসারের নেতৃত্বে পৃথক ক্যাম্পও করা যায়।সূত্র জানায়, বাহিনীর নাম পরিবর্তন ছাড়াও আনসার সদর দপ্তরের চূড়ান্ত করা প্রস্তাবে আরও যেসব বিষয় রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: আনসার সদস্যদের সৈনিকের মর্যাদা দেওয়া, বিদেশে প্রশিক্ষণ গ্রহণ ও শান্তি মিশনে যাওয়ার সুবিধা প্রদান, গ্রামে অপরাধ দমনে গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সক্রিয় করতে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান, ইউনিয়ন দলনেতার মাসিক সম্মানী ও ভাতা বাড়ানো এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডারদের মাসিক সম্মানী আনুপাতিক হারে নির্ধারণের ব্যবস্থা করা।জানতে চাইলে বিসিএস আনসার অ্যাসোসিয়েশনের মহাসচিব ফিরোজ খান বলেন, এই বাহিনীতে কয়েক লাখ সদস্য রয়েছেন। ৩৮টি ব্যাটালিয়নে ১৭ হাজার সশস্ত্র সৈনিক রয়েছেন। ৩০ হাজার অঙ্গীভূত আনসার এবং অস্ত্রের প্রশিক্ষণপ্রাপ্ত তিন লাখ আনসার সদস্য রয়েছেন। বাকিরা গ্রাম প্রতিরক্ষা দলের সঙ্গে সম্পৃক্ত। তিনি বলেন, এই বিপুল প্রশিক্ষিত বাহিনীকে সহজেই জননিরাপত্তাবিধানের কাজে লাগানো সম্ভব। শুধু কিছু বিধিবিধান স্পষ্ট করলেই তা করা যায়। তাঁরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই আলোচনা করবেন।