আনসারের পোশাক পরে শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গত রোববার জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ‘আনসারের পোশাক’ পরে কাঁঠালতলী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পুলিশের এক সদস্যসহ চারজন আহত হন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে আটক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, বেলা ১১টার দিকে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতা-কর্মী দা ও লাঠিসোঁটা নিয়ে কাঁঠালতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। তাঁদের পরনে ‘আনসারের’ পোশাক দেখা গেছে। তাঁরা চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালালে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা বাধা দেন।
এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের হামলায় পুলিশের কনস্টেবল আনোয়ার উদ্দিন, আনসারের সদস্য মুর্শেদ আহমদ, মনসুর আহমদ ও গ্রাম পুলিশের সদস্য ফয়জুল হক আহত হন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আনোয়ারের কাছ থেকে শটগান ছিনিয়ে নেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরিত্যক্ত অবস্থায় সড়কের পাশ থেকে ছিনিয়ে নেওয়া শটগান উদ্ধার করে স্ট্রাইকিং ফোর্স। আশপাশে অভিযান চালিয়ে আশুক উদ্দিন ও সিপার আহমদকে আটক করা হয়।
ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বেলা দুইটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হামলাকারী জামায়াত-শিবিরের লোকজনের পরনে আনসারের পোশাক থাকায় ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ ও আনসারের সদস্যরা প্রথমে তাঁদের চিনতে পারেননি। এখন পরিস্থিতি শান্ত। ভোট গ্রহণ চলছে।
ওসি জানান, অবস্থা গুরুতর হওয়ায় কনস্টেবল আনোয়ারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।