আনসারের রাইফেল ছিনিয়ে আগুন দিয়েছেন শ্রমিকেরা

গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় কলোসাস অ্যাপারেলস লিমিটেড কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পে আজ সোমবার সকালে হামলা চালিয়েছেন পোশাকশ্রমিকেরা। আনসারের সদস্যদের মারধর করে তাঁদের কাছ থেকে চারটি রাইফেল ছিনিয়ে নিয়ে আগুন দেন শ্রমিকেরা।
গাজীপুর সদর উপজেলার আনসার কমান্ডার নূর মোহাম্মদ প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কলোসাস অ্যাপারেলস লিমিটেড কারখানার পাশে থাকা আনসার ক্যাম্পে হামলা চালান। এ সময় তাঁদের মারধরে আনসারের পাঁচজন সদস্য আহত হন। তাঁরা হলেন আবু রায়হান, রুকনুজ্জামান, শেখর কুমার, আবু রায়হান ও মহা আলী। জয়দেবপুর থানার পুলিশ আহত আনসারদের উদ্ধার করে। আহতদের গাজীপুর সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
নূর মোহাম্মদ আরও জানান, শ্রমিকেরা আনসারের কাছে থাকা চারটি রাইফেল ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেন এবং কারখানার সামনের নালায় ফেলে দেন। ক্যাম্প থেকে বন্দুকের ১৩৫টি গুলি খোয়া গেছে। দুপুর পর্যন্ত গুলিগুলো উদ্ধার করা যায়নি।