আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে চাপ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে চাপ দিতে হবে। এটা বাস্তবায়ন হলে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারবেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদ্যোগ প্রশংসনীয়।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের সমাপনীতে এসব কথা বলেন রওশন এরশাদ।

বিরোধীদলীয় নেতা দাবি করেন, চলতি দশম সংসদ বাংলাদেশের প্রথম সংসদ, যেটা প্রাণবন্তভাবে চার বছর চলেছে। প্রত্যেক বিষয়ে আলোচনা হয়েছে। সরকার দল ও বিরোধী দল আলোচনায় অংশ নিয়েছে। আগে বিরোধী দল সংসদে থাকত না। থাকলেও বেশির ভাগ সময় কাদা ছোড়াছুড়ি হতো। এখন সংসদ সুষ্ঠুভাবে চলছে। তারপরেও এই সংসদ নিয়ে নানা কথা চলছে। কথা বলার আগে চিন্তাভাবনা করে কথা বলা উচিত। গত ২০-২৫ বছরে এভাবে সংসদ চলেনি।

বিরোধীদলীয় নেতা বলেন, বিচারের দীর্ঘসূত্রতা, শাস্তি না হওয়ায় ধর্ষণের ঘটনা বাড়ছে। তিনি বিশেষ ট্রাইব্যুনাল করে তিন-চার মাসের মধ্য ধর্ষণ মামলার রায় দেওয়ার ব্যবস্থা করার সুপারিশ করেন।

রওশন এরশাদ বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক হলে অস্তিত্ব থাকে না। কিন্তু জাতির পিতাকে কুক্ষিগত করে যাবে না। জাতির পিতা শুধু আওয়ামী লীগের নয়। জাতির পিতা সর্বজনীন। সেভাবে চিন্তা করতে হবে।