আনারস উপহার পাচ্ছেন মন্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্র্যাচে ভর করে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি এসে দাঁড়ালেন মোহাম্মদ মন্জুর আলমের সামনে। তিনি মন্জুরের হাতে তুলে দিলেন একটি পাকা আনারস। বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মন্জুর চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীক নিয়ে। গতকাল বৃহস্পতিবার তিনি হালিশহর আদর্শপাড়া এলাকায় গণসংযোগকালে উপহার হিসেবে এই আনারস পান।হালিশহর আদর্শপাড়ায় গিয়ে মন্জুর পিকআপ ভ্যান থেকে নেমে এলাকাবাসীর সঙ্গে করমর্দন শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁর হাতে তুলে দেন আনারস। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কর্মী-সমর্থকদের হাতে হাতে বাড়তে থাকে শুভাকাঙ্ক্ষীদের দেওয়া আনারসের সংখ্যাও।ওই এলাকায় গণসংযোগকালে মন্জুরের সঙ্গে ছিলেন চট্টগ্রাম বন্দরের বিএনপি-জামায়াতে ইসলামী সমর্থিত শ্রমিকনেতারা। মন্জুর গতকাল বন্দর এলাকায়ও গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লা বাহার, জামায়াত-সমর্থিত বন্দর ইসলামী শ্রমিক সংঘের নেতা শেখ জাহাঙ্গীর আলম, স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের নেতা এম এ বকর প্রমুখ।গণসংযোগের একপর্যায়ে মন্জুর যান সংরক্ষিত এলাকা বেসরকারি কনটেইনার ডিপো এছাক ব্রাদার্সে। পরে তিনি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের নিয়ে মতবিনিময় সভা করেন।মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘অনেকে টাকা দিয়ে ভোটারদের প্রলুব্ধ করে। অথচ এখানে ভোটাররাই আমাকে চা-নাশতা খাওয়ালেন। আবার ভোটও দেবেন তাঁরা।’ মন্জুরের সঙ্গে পিকআপ ভ্যানে ছিলেন মহানগর জামায়াতের আমির শামসুল ইসলাম, নায়েবে আমির আফছার উদ্দিন চৌধুরী, বিজেপির মহানগর সভাপতি নুর মোহাম্মদ খান ও ইসলামী ঐক্যজোটের নেতারা।মন্জুর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ও ৩৭ নম্বর উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ডে প্রচার চালান।