আনারসে রঙিন পাহাড়-টিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাহাড়-টিলাগুলো এখন আনারসে রঙিন। বাতাসে পাকা কাঁঠালের মিষ্টি ঘ্রাণ। সুমিষ্ট এ ঘ্রাণ বাতাসে দোল খেয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ফলনও হয়েছে ভালো। তাই পাহাড়-টিলাবেষ্টিত উপজেলার মৌসুমি ফলের হাটও এখন প্রান্তিক চাষি, ফড়িয়া ও পাইকারি ব্যবসায়ীর আনাগোনায় জমজমাট। প্রতিদিন শ্রীমঙ্গল পৌরসভার নতুনবাজার এলাকার দুটি সড়ক এবং পুরান বাজারের একটি সড়কের ওপরে মৌসুমি ফলের এ হাট বসে। সূর্যের আলো জনপদে পৌঁছার আগেই এ হাটের বেচাকেনা শেষ হয়ে যায়। উপজেলার কয়েক হাজার প্রান্তিক চাষি আনারস ও কাঁঠাল এই মৌসুমি হাটে তোলেন। তিন পাশ থেকে হাজার খানেক ঠেলাগাড়ির মিছিল প্রতিদিন ভোরে আনারস-কাঁঠাল নিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকায় প্রবেশ করে। এ হাট থেকে ফড়িয়া ও পাইকারি ব্যবসায়ীরা ফল কিনে ছড়িয়ে দেন দেশের বিভিন্ন জেলায়। উপজেলার আদিবাসী টিপরা (ত্রিপুরা) গ্রাম ডলুছড়ার বাসিন্দা আনারসচাষি শ্যামল দেববর্মা জানান, এবার কাঁঠাল ও আনারসের ফলন ভালো হয়েছে। তবে সময়মতো বৃষ্টি না হওয়ায় আনারস অন্য বছরের চেয়ে আকারে একটু ছোট হয়েছে। আকারে ছোট হলেও মিষ্টতা আগের মতোই আছে। তাই এর কদর এতটুকু কমেনি। বিক্রি বেশ ভালোই হচ্ছে। উপজেলার মাঝেরগাঁও এবং নূরজাহান এলাকার পাহাড়ের আনারস ও কাঁঠাল বাগানের মালিক মো. জাহেদুর রহমান বলেন, খরচ বেড়ে যাওয়ায় শ্রীমঙ্গলে আগের চেয়ে আনারসের চাষ এখন কম হচ্ছে। প্রকৃতির বৈরিতা সত্ত্বেও এবার কাঁঠাল ও আনারসের ফলন ভালোই হয়েছে। বাজারে বর্তমানে বড় আকারের ১০০টি আনারস দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকায়, মাঝারি আকারের আনারস এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকায় এবং ছোট আকারের আনারস ৩০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফড়িয়ারা বাগানে গিয়ে গাছচুক্তি কাঁঠাল কিনে নেন। ১০০ গাছ কাঁঠাল কমপক্ষে এক লাখ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া বাজারে এখন আকারভেদে একটি কাঁঠাল ৪০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। মো. সাগর মিয়া, রফিকুল আলম, আনোয়ার পারভেজ, জয়নাল মিয়াসহ আরও কয়েকজন পাইকারি ব্যবসায়ী জানান, ফরমালিন বা রাসায়নিকমুক্ত হওয়ায় শ্রীমঙ্গলের পাহাড়-টিলায় উৎপন্ন এসব মৌসুমি ফলের ব্যাপক চাহিদা রয়েছে। তাঁরা শ্রীমঙ্গল থেকে আনারস-কাঁঠাল কিনে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, খুলনাসহ আরও কয়েকটি জেলায় সরবরাহ করেন। প্রতিদিন রাতে ট্রাকে এবং বাসের ছাদে করে এসব ফল অন্য জেলায় তাঁরা পাঠাচ্ছেন। শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা সুকল্প দাস বলেন, উপজেলায় ৭৭৫ একরেরও বেশি জমিতে এ বছর আনারসের চাষ হয়েছে। ফলন ছয় হাজার ৩০০ টন ছাড়িয়ে যাবে। উপজেলায় প্রায় একই পরিমাণ টিলাভূমিতে কাঁঠালের বাগান রয়েছে। এ বছর কাঁঠালের ফলনও বেশ ভালো হয়েছে।