আনিকা থাকে চুপচাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিকা
আনিকা

ছয় বছরের শিশু আনিকা নিজের নাম বলতে পারে। সে জানে তার বাবার নাম আবুল। মা মরিয়ম। কিন্তু ঠিকানা বলতে পারে না। চুপচাপ থাকে সব সময়। অসুস্থ আনিকাকে হাসপাতাল থেকে আজ আদালতে হাজির করে পুলিশ। পরে নিরাপদে হেফাজতে রাখার জন্য তাকে কোনাপাড়ার কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম)।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ১১ এপ্রিল গেন্ডারিয়ার লোহারপুল খালপাড় মুরগির দোকানের সামনে কান্নাকাটি করতে থাকে আনিকা। পরে স্থানীয় বাসিন্দা রাফিন আহম্মেদ তাঁর নাম-ঠিকানা জানতে চাইলে সে কিছুই বলতে পারে না। তাকে গেন্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয়। অসুস্থ আনিকাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে চিকিৎ​সাধীন ছিল। আজ বৃহস্পতিবার চিকিৎসকের ছাড়পত্র পেয়ে তাকে আদালতে তোলা হয়।
আদালতে আনিকাকে দেখা যায় চুপচাপ। কিছু জিজ্ঞাসা করলেও শুধু তাকিয়ে থাকে। এসআই মফিজ উদ্দিন জানান, আদালতের আদেশের পর আনিকাকে কোনাপাড়ার কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।