আনিচুজ্জামানের চিকিৎসায় এগিয়ে এসেছেন অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শিশু আনিচুজ্জামান ওরফে আইনের (৮) চিকিৎসা হবে। অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল আনিচুজ্জামান। প্রথম আলোয় প্রকাশিত খবর পড়ে তার চিকিৎসায় এগিয়ে আসেন একাধিক ব্যক্তি। যাঁদের দেওয়া অর্থে ভারতে আনিচুজ্জামানের চিকিৎসা হবে বলে জানিয়েছে তার পরিবার।

আনিচুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের মো. কামারুজ্জামানের ছেলে। কামারুজ্জামান জানান, ছয় মাস বয়সে তাঁর একমাত্র ছেলে আনিচুজ্জামান জ্বরে আক্রান্ত হয়। পরীক্ষা-নিরীক্ষার একপর্যায়ে তার হৃৎপিণ্ডে ছিদ্র ধরা পড়ে রয়েছে। প্রয়োজনীয় ২ লাখ ৫০ হাজার টাকা, যা জোগাড় করতে না পারায় আইনের চিকিৎসা হচ্ছিল না। এ নিয়ে গত ২৭ মার্চ ‘টাকার অভাবে মৃত্যুই হবে শেষ পরিণতি?’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়; যা পড়ে একাধিক ব্যক্তি শিশুটির সহযোগিতায় এগিয়ে আসেন।

গত সোমবার ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আনিচুজ্জামানের জন্য স্থানীয় শামীম হোসেনের বাসভবনে দোয়া মাহফিল হয়। শিশুটির চিকিৎসায় দেশ–বিদেশের বিভিন্ন স্থানে বসবাসকারী ব্যক্তিদের পাঠানো মোট ২ লাখ ২০ হাজার টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।