বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিস এ খানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। গতকাল সকালে তাঁকে মালিবাগে সিআইডির কার্যালয়ে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
আনিস এ খান বাংলাদেশের সুইফট মেম্বার ও ব্যবহারকারী গ্রুপের চেয়ারপারসন। একই সঙ্গে তিনি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান। সিআইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে জানতে চাইলে আনিস এ খান প্রথম আলোকে বলেন, ‘কথা হয়েছে, তবে কী কথা হয়েছে তা বলা যাবে না।’
সূত্র জানায়, গতকাল বুধবার সকাল ১০টায় সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলমের নেতৃত্বে একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তবে তাঁর কাছ থেকে কী তথ্য চাওয়া হয়েছে, সে ব্যাপারে সিআইডির কর্মকর্তারা কিছু জানাতে রাজি হননি। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিজার্ভ চুরির মামলার বিষয়ে আলোচনা করতেই সিআইডির দলটি আনিস এ খানকে জেরা করে।
চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। রিজার্ভের চুরি হওয়া ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায়। আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে। ফিলিপাইনে যাওয়া অর্থের মধ্যে ১ কোটি ৫২ লাখ ডলারও ফেরত পাওয়া গেছে। বাকি অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া চলছে।