‘পদ্মভূষণ’ অর্জন উপলক্ষে সংবর্ধনা সভায় বক্তারা
আনিসুজ্জামান বাঙালির চেতনার আত্মা, বিশ্বাসের বাতিঘর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের ‘পদ্মভূষণ’ খেতাব অর্জন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তারা বলেছেন, আনিসুজ্জামান মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধারের অগ্রগণ্য সৈনিক। তিনি বাঙালির চেতনার আত্মা, বিশ্বাসের বাতিঘর।
ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পদক পদ্মভূষণ অর্জন উপলক্ষে সামাজিক সংগঠন বাংলাদেশ রুখে দাঁড়াও গতকাল শনিবার আনিসুজ্জামানকে সংবর্ধনা দেয়। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি বছরের ২৫ জানুয়ারি শিক্ষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ভারত সরকার আনিসুজ্জামানকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে।
সংবর্ধনা সভায় আনিসুজ্জামান বলেন, ‘আমার জীবনে যেমন নানা ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে, তেমন নানা কাজে আমি জড়িয়ে পড়েছি। কোনো একটি কাজে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। এটাকে গুণ যদি বলেন গুণ, দোষ যদি বলেন দোষ। দোষ এ কারণে যে সিদ্ধি আমি একটি কাজে নিবদ্ধ থেকে অর্জন করতে পারতাম, সেটা থেকে বঞ্চিত হয়েছি; আর লাভ হয়েছে নানা ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, নানা কাজের ক্ষেত্রের মধ্যে ঢুকেছি, যেটা আমার নিজের ক্ষেত্র নয়। সব মিলিয়ে বলব, আমার কোনো অতৃপ্তি বোধ নেই। আমি যা পেয়েছি, সেটা আমার নিজের জীবনের জন্য যথেষ্ট মনে হয়। আপনারা সকলে মিলে আমার জন্য প্রার্থনা করুন, আমার মনে যেন কোনো অহংকার প্রবেশ না করে।’
অনুষ্ঠান শুরু হয় ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের কণ্ঠে ‘বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা’ গান দিয়ে। পরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘আনিসুজ্জামান স্যার বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তোলার জন্য এবং আমাদের বিবেককে জাগ্রত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং এখনো করে যাচ্ছেন। দেশে যখন সাম্প্রদায়িকতা দেখতে পান, তিনি আগুনের মতো জ্বলে ওঠেন; অন্যায়-অবিচার দেখতে পান, তিনি তাঁর সোচ্চার কণ্ঠ তোলেন, এ ধরনের কণ্ঠ আমাদের প্রয়োজন।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আনিসুজ্জামান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
নগরবিদ জামিলুর রেজা চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিতে আনিসুজ্জামান সব সময় সক্রিয় থেকেছেন।
সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আনিসুজ্জামান স্যারকে দেখলে বোঝা যায়, একজন মানুষ শ্রেণীকক্ষের বাইরে থেকে কীভাবে সবাইকে দিকনির্দেশনা দিতে পারেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আইনজীবী শাহদীন মালিক, সাংবাদিক আবেদ খান, অর্থনীতিবিদ এম এম আকাশ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায়, সেক্টর কমান্ডারস ফোরামের সদস্যসচিব হারুন হাবীব প্রমুখ। উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, প্রজন্ম ’৭১-এর সভাপতি শাহীন রেজা নূর প্রমুখ।