আনিসুজ্জামানকে সংবর্ধনা
ভারতের তৃতীয় বেসামরিক সর্বোচ্চ পুরস্কার ‘পদ্মভূষণ’ পাওয়ায় ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে ইন্টারন্যাশনাল পিইএন বাংলাদেশ সেন্টার।
শাহবাগের গণগ্রন্থাগারে গতকাল বুধবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রয়াত অধ্যাপক রাজিয়া খান আমিনের স্মরণানুষ্ঠানও হয়।
অনুষ্ঠানে পদ্মভূষণ পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমার জন্য এটা খুবই মর্যাদার ব্যাপার।’
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার হাতে পাওয়ার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে আনিসুজ্জামান বলেন, অনুষ্ঠানটি ছিল রুচিসম্মত, সংক্ষিপ্ত ও অনাড়ম্বর।
আনিসুজ্জামান অধ্যাপক রাজিয়া খান আমিনের কথা স্মরণ করতে গিয়ে বলেন, তাঁর মনটা খুব ভালো ছিল।
প্রধান অতিথির বক্তব্যে ভাষাসংগ্রামী সাবির আহমেদ চৌধুরী বলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামানের এ পুরস্কারে বাংলাদেশ গর্বিত। আশা করি, তিনি আরও সম্মান বয়ে আনবেন।’
ইন্টারন্যাশনাল পিইএন বাংলাদেশ সেন্টারের সভাপতি ফরিদা হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা ও স্মরণানুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান তাহমিনা আহমেদ, রাজিয়া খান আমিনের মেয়ে ডেইলি স্টার-এর স্টার ম্যাগাজিন-এর সম্পাদক আশা মেহেরিন আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র সাংবাদিক আবু মোহাম্মদ খান, আলী নিয়ামত প্রমুখ।