
অধ্যাপক আনিসুজ্জামানের পদ্মভূষণ প্রাপ্তি ভারত-বাংলাদেশের মধ্যে আরেকটি সেতুবন্ধ গড়ে তুলেছে৷ এই সম্মান দুই দেশের সম্পর্ককে দৃঢ় করতে সাহায্য করবে৷
ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মভূষণ প্রাপ্তি উপলক্ষে গতকাল শনিবার ঢাকা ক্লাবে তাঁকে দেওয়া এক সংবর্ধনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন৷ বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি এই সংবর্ধনার আয়োজন করে৷
সংবর্ধনা সভায় আনিসুজ্জামান বলেন, ‘আমরা বাংলাদেশ-ভারত দুই দেশের বন্ধন দৃঢ় করতে চাইছি৷ আমার মনে হয়, আমার এই সম্মান সেই বন্ধন দৃঢ়তর করার জন্য কাজ করছে৷’
সংবর্ধনার প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, অধ্যাপক আনিসুজ্জামান জাতির বিবেক হিসেবে পরিচিিত লাভ করেছেন৷ এ দেশের সব জাতীয়তাবাদী আন্দোলনে লেখনীর মাধ্যমে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন৷ তাঁর পদ্মভূষণ সম্মান লাভ দুই দেশের মধ্যে আরেকটি সেতুবন্ধ গড়ে তুলেছে৷
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, অধ্যাপক আনিসুজ্জামান একজন আলোকিত মানুষের প্রতিচ্ছবি৷ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, বাংলাদেশের সব মানুষ আনিসুজ্জামানের গর্বের অংশীদার৷ সংবর্ধনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সুবীর কুশারি৷