আনিসুজ্জামানের হুমকিদাতা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের হুমকিদাতাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, হুমকি পাওয়া নাগরিকদের নিরাপত্তাবলয়ের মধ্যে নেওয়া হয়েছে। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরে সম্প্রতি মারা যাওয়া কয়েকজন পুলিশ সদস্যের স্বজনদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।
রাজধানীতে আইজিপি যখন নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন, তখন রাজশাহীতে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছিলেন কথাশিল্পী ও অধ্যাপক হাসান আজিজুল হক। গত রোববার হুমকি পেয়ে গতকাল বেলা দুইটার দিকে রাজশাহীর মতিহার থানায় জিডি করেন তিনি।
গত ২৮ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ৪৮ দিনে দেশে ১৩টি হামলায় দুই বিদেশি, দুজন পুলিশ সদস্য, একজন প্রকাশকসহ নয়জন খুন হয়েছেন। জখম হয়েছেন অন্তত ১৫৭ জন। এ সময়ে হুমকি পেয়েছেন দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিক। ১০ নভেম্বর বিকেলে অধ্যাপক আনিসুজ্জামানের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়। এর পরপরই তিনি গুলশান থানার পুলিশকে ঘটনাটি জানান। পুলিশের তথ্যমতেই গত তিন বছরে ১১৪ জনকে হুমকি দেওয়া হয়েছে। এই হুমকিদাতাদের কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ।
গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অধ্যাপক আনিসুজ্জামানকে যে মুঠোফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, তার মালিককে আটক করেছিল পুলিশ। পরে তদন্তে দেখা যায়, ওই ব্যক্তি এতে জড়িত নন। তাঁর ফোন নম্বরের মতো হুবহু নম্বর ব্যবহার করে (ক্লোন করে) আরেকজন ওই হুমকি দিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। আর যে ব্যক্তি হুমকি দিয়েছেন, তাঁকেও শনাক্ত করা হয়েছে, তবে এখনো গ্রেপ্তার করা যায়নি। ওই ব্যক্তি ‘ফান্ডামেন্টালিস্ট’ বলে আইজিপি জানান। বিভিন্ন ঘটনায় আরও বেশ কিছু হুমকিদাতাকে চিহ্নিত করেও আইনের আওতায় আনা হয়েছে বলে আইজিপি জানান।
পরে পুলিশ কর্মকর্তারা বলেছেন, আইপি ফোন-সুবিধা দেয়, এমন ধরনের সফটওয়্যার ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে। ওই সফটওয়্যারগুলো ব্যবহারকারী ব্যক্তি যাঁকে কল করেন বা যাঁকে খুদে বার্তা পাঠান, তাঁদের ফোনে ইচ্ছেমতো নম্বর ওঠাতে পারেন। এর আগেও এ ধরনের অভিযোগ এসেছে।
এক প্রকাশক খুন ও অপর একজনের ওপর হামলার পর প্রকাশকেরা নিরাপত্তাহীনতায় রয়েছেন সাংবাদিকদের এমন অভিযোগের বিষয়ে আইজিপি শহীদুল হক বলেন, প্রত্যেক ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া যাবে না। তবে হুমকি পেয়েছেন, এমন সবাইকে নিরাপত্তাবলয়ের মধ্যে নেওয়া হয়েছে। তাঁদের নিরাপত্তা টিপস দেওয়া হয়েছে।
সাংবাদিকদের আইজিপি বলেন, কিছু স্থানীয় সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী পুলিশকে ও দুই বিদেশিকে হত্যা করেছে। এসব রহস্য উদ্ঘাটিত হয়েছে। মনোবল দুর্বল করতে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। তবে পুলিশ সতর্ক থাকায় সন্ত্রাসী দলগুলো বড় কিছু করার সুযোগ পায়নি।
প্যারিসে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আমরা আরও বেশি সতর্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আরও নিয়ন্ত্রণের আনার জন্য দেশজুড়ে বিশেষ অভিযান চলছে।’
অনেক আগে ধরে পরে গ্রেপ্তার দেখানোর অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, আইনের বাইরে গিয়ে পুলিশের কাজ করার কোনো সুযোগ নেই। হয়তো অনেক অপরাধী পালিয়ে থেকে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে না। তখন স্বজনেরা আগে ধরে রাখা হয়েছে বলে অভিযোগ করেন।
চলমান বিশেষ অভিযানের বিষয়ে শহীদুল হক বলেন, মামলার আসামি, ষড়যন্ত্রকারী, নাশকতাকারী এবং আগে নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে আবার এমন কাজে জড়িয়েছেন, এসব লোকদের গ্রেপ্তার করা হচ্ছে।
এদিকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, অধ্যাপক হাসান আজিজুল হককে হুমকির প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে দেশে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বক্তারা।
গত রোববার বিকেল সোয়া চারটার দিকে হাসান আজিজুল হককে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়। ফোনে তাঁকে বলা হয়, ‘আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন? পরিবর্তন করতে না পারলে প্রস্তুত থাকুন, আমরা আসছি।’
এরপর গতকাল দুপুরে তিনি মতিহার থানায় জিডি করেন। এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছি। একই সঙ্গে স্যারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’
হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁকে হত্যার হুমকি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।