আনিসুল ও সাঈদের সমর্থনে সহস্র নাগরিক কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তরে মেয়র প্রার্থী আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকনের সমর্থনে সহস্র নাগরিক কমিটি গঠিত হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বক্তৃতা করেন l ছবি: প্রথম আলো
ঢাকা উত্তরে মেয়র প্রার্থী আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকনের সমর্থনে সহস্র নাগরিক কমিটি গঠিত হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বক্তৃতা করেন l ছবি: প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আনিসুল হক এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের সমর্থনে সহস্র নাগরিক কমিটি গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং সদস্যসচিব হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে সহস্র নাগরিক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে এর আগে গঠিত ঢাকা নাগরিক সমাজের বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। আনিসুল হক ও সাঈদ খোকন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
সংবাদ সম্মেলনে সৈয়দ শামসুল হক বলেন, ‘আনিসুল হক এবং সাঈদ খোকন দুজনই মুক্তিযোদ্ধার সন্তান। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে সুনেতৃত্বের পরিচয় দিয়েছেন। তাঁদের নেতৃত্বে ঢাকা মহানগর বিশ্বের শ্রেষ্ঠ নগরে পরিণত হবে—এই প্রত্যাশায় আমরা তাঁদের সমর্থন করেছি।’
লিখিত বক্তব্যে গোলাম কুদ্দুছ মেয়র পদপ্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকনকে সমর্থন করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁরা মেয়র নির্বাচিত হলে ইতিহাসখ্যাত এ ঢাকা মহানগর প্রকৃত অর্থেই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এক পরিকল্পিত আধুনিক নগর হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবে।
সংবাদ সম্মেলনে সহস্র নাগরিক কমিটির পক্ষ থেকে ১১ দফা দাবি পেশ করা হয়। এগুলোর মধ্যে অন্যতম হলো গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকটের সমাধান; বাস্তুহারা, বস্তিবাসী এবং দরিদ্র মানুষদের আবাসনের ব্যবস্থা; স্বাস্থ্যসেবা নিশ্চিত করা; স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা; প্রতিটি আবাসিক এলাকায় খেলার মাঠের ব্যবস্থা; পরিবেশদূষণ থেকে নগরবাসীকে রক্ষা করা; সিটি করপোরেশনের দুর্নীতি ও অপচয় রোধ প্রভৃতি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহ্বায়ক নাজমা শাহীন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নিম চন্দ্র ভৌমিক, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইকবাল আর্সলান, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মোবারক আলী, হাসান ইমাম, আরিফুর রহমান, খন্দকার বজলুল হক, পান্না কায়সার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাসির উদ্দীন ইউসুফ।