ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হক ও দক্ষিণে মোহাম্মদ সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আ জ ম নাছির বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। বিজয়ী তিন প্রার্থীই ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত। গতকাল বুধবার তিন সিটির রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে তাঁদের নির্বাচিত ঘোষণা করেছেন।
বিজয়ী তিন প্রার্থী ও বিএনপির পরাজিত তিন প্রার্থী বাদে বাকিদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী, মোট গৃহীত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হবে।
ঢাকা উত্তর সিটিতে আনিসুল হক ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট। এ ছাড়া ফজলে বারী মাসউদ ১৮ হাজার ৫০ ভোট, মাহী বদরুদ্দোজা চৌধুরী ১৩ হাজার ৪০৭, জোনায়েদ আবদুর রহিম সাকি ৭ হাজার ৩৭০, আবদুল্লাহ আল ক্বাফী ২ হাজার ৪৭৫, কাজী মো. শহিদুল্লাহ ২ হাজার ৯৬৮, বাহাউদ্দিন আহমেদ ২ হাজার ৯৫০, নাদের চৌধুরী ১ হাজার ৪১২, এম কামরুল ইসলাম ১ হাজার ২১৬, জামান ভূঁইয়া ১ হাজার ১৪০, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ ১ হাজার ৯৫, সামছুল আলম চৌধুরী ৯৮২, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ৯১৫, শেখ শহিদুজ্জামান ৯২৩ ও আনিসুজ্জামান খোকন ৯০০ ভোট পেয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটিতে ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাঈদ খোকন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট। এ ছাড়া আবদুর রহমান ১৪ হাজার ৭৮৪, মো. সাইফুদ্দিন ৪ হাজার ৫১৯, আবু নাসের মো. মাসুদ হোসাইন ২ হাজার ১৯৭, রেজাউল করিম চৌধুরী ২ হাজার ১৭৩, গোলাম মাওলা রনি ১ হাজার ৮৮৭, বজলুর রশীদ ফিরোজ ১ হাজার ২৯, জাহিদুর রহমান ৯৮৮, এস এম আসাদজ্জামান রিপন ৯২৮, এ এস এম আকরাম ৬৮২, দিলীপ ভদ্র ৬৬৯, আবদুল খালেক ৫৫০, শফিউল্লাহ চৌধুরী ৫১২, মশিউর রহমান ৫০৮, মো. আকতারুজ্জামান (আয়াতুল্লাহ) ৩৬২, আয়ুব হুসেন ৩৫৪ ও বাহারানে সুলতান বাহার ৩১২ ভোট পেয়েছেন।
চট্টগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত মনজুর আলম পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট। তা ছাড়া এম এ মতিন ১১ হাজার ৬৫৫, ওয়ায়েজ হোসেন ভূঁইয়া ৯ হাজার ৬৬৮, সোলায়মান আলম শেঠ ৬ হাজার ১৩১, হোসাইন মো. মুজিবুল হক ৪ হাজার ২১৫, সাইফুদ্দিন আহমেদ ২ হাজার ৬৬১, আলাউদ্দিন চৌধুরী ২ হাজার ১৫৯, আরিফ মইনুদ্দিন ১ হাজার ৪৭৪, আবুল কালাম আজাদ ১ হাজার ৩৮৫, সৈয়দ সাজ্জাদ জোহা ৮৪৫ ও শফিউল আলম ৬৮০ ভোট পেয়েছেন।